২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রায় কার্যকর হওয়া পর্যন্ত গণজাগরণ মঞ্চের অবস্থান 

যুদ্ধাপরাধী জামায়াত নেতা মোহাম্মদ কামারুজ্জামানের রায় কার্যকর করা পর্যন্ত শাহবাগে অবস্থান নেওয়ার ঘোষণা দিয়েছে গণজাগরণ মঞ্চ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Apr 2015, 09:14 PM

Updated : 12 Oct 2022, 03:30 PM

মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রোববার বিকেল ৪টা থেকে আমাদের অবস্থান শুরু হয়েছে। যুদ্ধাপরাধী কামারুজ্জামানের রায় কার্যকর করা পর্যন্ত আমরা শাহবাগে থাকব। আশা করি সোমবার আমাদের অপেক্ষার শেষ হবে।”

প্রধান বিচারপতি এসকে সিনহার নেতৃত্বে চার সদস্যের আপিল বেঞ্চে রোববার কামারুজ্জামানের রিভিউ আবেদনের শুনানি হয়। এর রায় ঘোষণার জন্য সোমবার দিন রাখা হয়েছে।

গতবছর ৩ নভেম্বর আপিল বিভাগ কামারুজ্জামানকে ট্রাইব্যুনালের দেওয়া ফাঁসির রায় বহাল রাখে।

শেরপুরের নালিতাবাড়ি উপজেলার সোহাগপুরে ১২০ জন পুরুষকে ধরে নিয়ে হত্যার দায়ে একাত্তরের আলবদর নেতা কামারুজ্জামানকে সর্বোচ্চ সাজার আদেশ দেয় আদালত।

২০১৩ সালের ফেব্রুয়ারিতে যুদ্ধাপরাধী কাদের মোল্লার যাবজ্জীবন সাজার প্রতিবাদে শাহবাগে এক অভূতপূর্ব অহিংস আন্দোলন শুরু করে ছাত্র-জনতা; গঠিত হয় গণজাগরণ মঞ্চ। ট্রাইব্যুনালের প্রতিটি রায়ের সময়ই সেখানে অবস্থান নিয়ে যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ সাজার দাবি তুলে ধরেছেন মঞ্চের কর্মীরা।   

আপিল বিভাগের রায়ে ওই বছর ডিসেম্বরে জামায়াত নেতা কাদের মোল্লার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। কামারুজ্জামান হলেন দ্বিতীয় ব্যক্তি যার দণ্ড কার্যকরের আগে রিভিউ পর্যায়ে এসেছে।