২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে কাউন্সিলর পদে প্রার্থিতা ফিরে পেলেন ৪ জন

বাছাইয়ে মনোনয়ন বাতিলের পর আপিল করে প্রার্থিতা ফিরে পেয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে কাউন্সিলর পদের চার প্রার্থী।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Apr 2015, 07:36 PM

Updated : 22 Aug 2022, 12:02 PM

রোববার চট্টগ্রামের বিভাগীয় কমিশনারের কার্যালয়ে আপিল শুনানি শেষে এক নারীসহ এই চার জনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়।

এরা হলেন- ৫ নম্বর মোহরা ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর মোহাম্মদ আজম, ৭ নম্বর পশ্চিম ষোলশহর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী রফিউল হায়দার চৌধুরী, ২৪ নম্বর উত্তর আগ্রাবাদ ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর সিরাজুল ইসলাম এবং সংরক্ষিত ১০ নম্বর সাধারণ আসনের আতিয়া আক্তার উষা।

চট্টগ্রাম সিটি নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা শফিকুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মনোনয়ন বাছাইয়ের সময় রিটার্নিং কর্মকর্তা ‍তাদের মনোনয়ন বাতিল করেন। এর বিরুদ্ধে করা আপিল আবেদনের শুনানি শেষে চার জনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে।

রোববার সাধারণ ও সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর পদে ১৫ জনের আপিল শুনানি হয়। সোমবারও বিভাগীয় কমিশনারের কার্যালয়ে আপিল শুনানি অনুষ্ঠিত হবে।

গত ১ এপ্রিল বাছাইয়ের প্রথম দিন ১২ জন এবং ২ এপ্রিল ২৯ জন সম্ভাব্য কাউন্সিলর প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়।

মনোনয়ন ফিরে পাওয়াদের মধ্যে ২৪ নম্বর উত্তর আগ্রাবাদ ওয়ার্ডের কাউন্সিলর সিরাজুল ইসলাম ও ৫ নম্বর মোহরা ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ আজম ঋণ খেলাপি হওয়ার মনোনয়ন বাতিল করা হয়।

নগরীর ৭ নম্বর পশ্চিম ষোলশহর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী রফিউল হায়দার চৌধুরীর বিরুদ্ধে আরেক প্রার্থী বাছাইয়ের দিন মামলার তথ্য গোপনের অভিযোগ আনেন।

সংরক্ষিত ১০ আসনের আতিয়া আক্তার উষার প্রয়োজনীয় কাগজপত্র মনোনয়ন পত্রের সঙ্গে না থাকায় তার প্রার্থীতা বাতিল করা হয়েছিল।