জামালপুরে ঝড়ে নৌকা ডুবে নিহত ১
জামালপুরে ঝড়ে যমুনা নদীতে নৌকা ডুবে একজন নিহত হয়েছেন। নিখোঁজ রয়েছেন আরও তিনজন।
শনিবার সন্ধ্যায় ইসলামপুর উপজেলার কুলকান্দি পাইলিং ঘাট এলাকায় এ নৌকাডুবি হয়।
নিহত তারা বানুর বিস্তারিত পরিচয় জানা যায়নি।
ইসলামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুমুর রহমান জানান, ঝড়ের সময় কুলকান্দি পাইলিং ঘাট এলাকায় যমুনা নদীতে নৌকাডুবিতে চারজন নিখোঁজ হন। এর মধ্যে তারা বানু নামে এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে। এখনও তিন জন নিখোঁজ রয়েছেন।
এছাড়া ঝড়ে ইসলামপুর, মেলান্দহ ও মাদারগঞ্জ উপজেলার কয়েকহাজার ঘর-বাড়ি, গাছপালা, ফসল ও শিক্ষা প্রতিষ্ঠানের ব্যাপক ক্ষতি হয়েছে।
শনিবার রাতে ঘণ্টাব্যাপী ঝড়ে বৈদ্যুতিক লাইন ক্ষতিগ্রস্ত হয়ে পুরো জেলার বিদ্যুত সরবরাহ বন্ধ হয়ে যায়।
রোববার বিকাল থেকে জেলা শহরে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হলেও ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে এখনও বিদ্যুৎ স্বাভাবিক হয়নি।
সংসদ সদস্য ফরিদুল হক খান দুলাল জানান, ঝড়ে ইসলামপুরের সাপধরি, নেয়ারপাড়া ও ধর্মকুড়া বাজার এলাকার অর্ধশতাধিক বসতবাড়ি এবং ব্যবসা প্রতিষ্ঠান আগুন লেগে পুড়ে গেছে।
ইসলামপুরের ১২টি ইউনিয়নের প্রায় অর্ধেক বাড়িঘর, শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষতি হয়েছে। এছাড়া শিলাবৃষ্টিতে বোরো ধান ও ভুট্টার ব্যাপক ক্ষতি হয়েছে।
জেলা প্রশাসক মো. শাহাবুদ্দিন খান ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন এবং নগদ চার লাখ টাকা, ১৮৬ বান্ডিল ঢেউটিন এবং ১৪ মেট্রিক টন চাল বরাদ্দ দেন।
