২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মালয়েশিয়ায় খুন কিতাবের লাশ বাড়ি পৌঁছেছে

মালয়েশিয়ায় দুর্বৃত্তের হাতে নিহত যশোরের শার্শার কিতাব আলির লাশ দেশে এসেছে ঘটনার ১১ দিন পর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

আসাদুজ্জামান আসাদ, বেনাপোল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Apr 2015, 06:30 PM

Updated : 12 Oct 2022, 03:31 PM

রোববার সকালে শার্শার বাগআচড়া সাতমাইল গ্রামের বাড়িতে কিতাবের (৪০) লাশ পৌঁছে। তিনি ওই গ্রামের শুকুর আলির বড় ছেলে।

লাশ আসার পর পরিবারের সদস্যদের আহাজারিতে ভারি হয়ে উঠেছে পরিবেশ।

গত ২২ মার্চ মালায়েশিয়ার জালানচুতা এরাকায় দুর্বৃত্তের খুরের আঘাতে আহত হন কিতাব আলী। সকেট শহরের কুয়ালালামপুর হাসপাতালে ২৫ মার্চ তার মৃত্যু হয়।

রোববার দুপুরে স্থানীয় মসজিদ মাঠে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

রোববার তাদের বাড়ি গিয়ে দেখা যায়, কোনোভাবে থামানো যাচ্ছে না কিতাবের বৃদ্ধা মা রহিমা খাতুন ও স্ত্রী পারভীন আক্তারের বিলাপ।

কলেজ পড়ুয়া মেয়ে নার্গিস আক্তারের (১৭) বান্ধবীরা তাকে সান্ত্বনা দিতে এসে নিজেরাই কান্নায় ভেঙ্গে পড়ছেন।

আর দশ বছরের ছেলে পারভেজ ও সাত বছরের মেয়ে শিল্পীও বাবার জন্য কেঁদে কেঁদে ক্লান্ত।

কিতাবের ভাই আব্দুল হামিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বাংলাদেশিরা তার ভায়ের লাশ দেশে ফেরত পাঠানোর ব্যবস্থা করেছেন। মারা যাওয়ার ১১ দিনের মাথায় শনিবার দুপুরে লাশ ঢাকা এসে পৌঁছায়।

বড় মেয়ে নার্গিস আক্তার বাগআচড়া ডা. আফিল উদ্দিন কলেজ থেকে এবার এইচ এসসি পরীক্ষা দিচ্ছেন।

বিলাপ করতে করতে স্ত্রী পারভীন আক্তার জানান, সাত বছর আগে তাদের ছোট মেয়ের জন্মের দিন কিতাব আলি মালয়েশিয়া গিয়েছিলেন। এতদিন তার পাঠানো টাকায় বাড়িতে একটি পাকা ঘর তোলা হয়েছে।

দুমাস পর তার বাড়ি আসার কথা ছিল। বাড়ি এসে মেয়ের বিয়ে দিয়ে আবার ফিরবেন বলে জানিয়েছিলেন বলে জানান পারভীন।