২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্লোগানের জবাবে ‘ম্যাডামের’ জন্য দোয়া

নেতা-নেত্রীরা আদালতে গেলে সাধারণত রাজনৈতিক শক্তির পরিচয় দিতে কর্মীদের স্লোগান তুলতে দেখা গেলেও রোববার ভিন্ন আচরণ পাওয়া গেছে বিএনপির একদল কর্মীর কাছ থেকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

কামাল হোসেন তালুকদার

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Apr 2015, 06:05 PM

Updated : 12 Oct 2022, 03:31 PM

অবরোধ ডেকে টানা তিন মাস রাজনৈতিক কার্যালয়ে অবস্থানের পর সকালে সেখান থেকে বেরিয়ে আদালতে হাজিরা দিতে যান বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। জিয়া ট্রাস্টে দুর্নীতির দুই মামলায় গ্রেপ্তারি পরোয়ানা ছিল তার।

সরকারবিরোধী আন্দোলনে থাকা খালেদা জিয়ার আদালতে হাজিরা ঘিরে সকাল থেকে পুরান ঢাকার বকশীবাজারে ঢাকার তৃতীয় বিশেষ জজের আদালত এলাকায় ছিল কড়া নিরাপত্তা।

এর আগে খালেদা জিয়া যেসব দিনে ওই আদালতে গেছেন তখন আগে থেকে আদালতের আশপাশের এলাকায় নেতাকর্মীদের সমবেত হতে দেখা গেলেও এদিন  সে রকম ছিল না। কোনো মিছিল-সমাবেশও দেখা যায়নি ওই এলাকায়।

এরইমধ্যে সকাল বেলা ১০টা ৫০ মিনিটে দলীয় নেতাকর্মী ও নিজের ব্যক্তিগত নিরাপত্তারক্ষী সিএসএফের সদস্যদের বহনকারী সাতটি গাড়ির বহর নিয়ে আদালতে যান খালেদা জিয়া। গণমাধ্যম ও পুলিশের একটি গাড়িও ছিল তাদের সঙ্গে।

এর কিছুক্ষণ পরে ২০ থেকে ২৫ জন বিএনপি নেতাকর্মী বকশীবাজার মোড়ে জড়ো হওয়ার চেষ্টা করলে পুলিশের চোখ রাঙানিতে পিছু হটে ঢাকা মেডিকেলের পশ্চিম পাশের সড়ক দিয়ে শহীদ মিনারের দিকে এগিয়ে আসেন।

স্বল্প সংখ্যক নেতাকর্মীর মধ্যে সাবেক সাংসদ হাবিবুর রহমান হাবিব, নির্বাহী কমিটির সদস্য শরীফ মোস্তফা জামান লিটু, সাবেক ছাত্রদল নেতা শরীফুল ইসলাম, নুরুজ্জামান, মঞ্জুর হোসেন ঈসাসহ বেশ কয়েকজন ছিলেন।

মহিলা দলের উত্তরা পূর্ব থানার সভাপতি স্বপ্না, ৬৬ নম্বর ওয়ার্ড মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন আক্তার, নারী নেত্রী শামসুন্নাহার ভূঁইয়া, নাসরিন রশিদ পুতুলসহ ১০ থেকে ১৫ জন নারী নেত্রীও তাদের সঙ্গে ছিলেন।

মেডিকেলের সীমানা প্রাচীর লাগোয়া কাবুল মাজারের সামনে বিএনপির এই নেতাকর্মীরা সমবেত হন।

তাদের মধ্যে একজন ‘জিয়ার সৈনিক’ বলে স্লোগান তুললেও অন্যদের তাতে সাড়া দিতে দেখা যায়নি। বরং জবাবে নীরব থাকার অনুরোধ করেন বিএনপি নেতা মোস্তাফিজুর রহমান বাবুল।

পরে তিনি বলেন, “আল্লাহ খালেদা জিয়াকে হেফাজত করবে। কেউ স্লোগান দেবেন না। সবাই ম্যাডামের জন্য দোয়া করতে থাকুন।”

ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াকালে ছাত্র ইউনিয়ন করে আসা বাবুল একথা বলার সঙ্গে সঙ্গে উপস্থিত সবাইকে মোনাজাতের জন্য হাত তুলতে দেখা যায়।

কয়েক মিনিট মোনাজাতের পর সেখানে নীরবে দাঁড়িয়ে আদালতের আদেশের অপেক্ষায় থাকেন বিএনপি নেতাকর্মীরা।

এর কিছুক্ষণের মধ্যে পুলিশ এলে সেখান থেকে যে যার মতো করে সরে যান তারা।

পরে আদালতের জামিন পেয়ে বেলা পৌনে ১১টার দিকে বকশীবাজার থেকে গুলশানে নিজের কার্যালয়ের দিকে যাত্রা করেন খালেদা জিয়া।

বেলা ১২টা ১৮ মিনিটের দিকে গুলশান ২ নম্বরে ‘ফিরোজা’ ভবনের সামনে পৌঁছায় খালেদার গাড়িবহর। তিন মাস দুই দিন পর বাসায় ঢোকেন বিএনপি চেয়ারপারসন, গত ৩ জানুয়ারি ওই বাসা থেকে বেরিয়ে কার্যালয়ে ঢুকে আর সেখানে ফেরা হয়নি তার।

সেই রাতে কার্যালয় থেকে বেরোতে গিয়ে পুলিশি বাধার মুখে পড়েন তিনি। দুই দিন পর দশম সংসদ নির্বাচনের বর্ষপূর্তির কর্মসূচি পালনে বেরোতে চাইলে ফের তার পথ আটকানো হয়।

সে সময় অবরোধের ডাক দেওয়ার কয়েকদিনের মাথায় ওই কার্যালয় থেকে পুলিশি ব্যারিকেড সরানো হলেও সেখান থেকে আর বেরোননি বিএনপি প্রধান।

অবরোধে গাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ, অগ্নিসংযোগে সাধারণ মানুষের মৃত্যুর ঘটনা ঘটতে থাকলে কর্মসূচি প্রত্যাহার করে গুলশান কার্যালয় থেকে বেরোতে খালেদার প্রতি আহ্বান জানান আওয়ামী লীগ নেতারা।

কার্যালয়ে অবস্থানের মধ্যে টানা কয়েকটি ধার্য দিনে আদালতে হাজির না হওয়ায় খালেদাকে গ্রেপ্তারে পরোয়ানা জারি করে আদালত।

রোববার ওই আদালতে হাজির হন খালেদা।

আগের শুনানির দিনগুলোতে বিএনপি, ছাত্রদল ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এবং বিএনপিপন্থি আইনজীবীরা আদালত চত্বর ও এর আশপাশের এলাকায় বিপুল সমাগম ও হট্টগোল করলেও এদিন তা ছিল না।

গত ২৪ ডিসেম্বর আদালেতে খালেদার হাজিরাকে কেন্দ্র করে চাঁনখারপুল, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নতুন গেইট ও সংলগ্ন এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।  বিএনপিকর্মীদের সঙ্গে পুলিশের সংঘাতের পাশাপাশি আওয়ামী লীগ সংসদ সদস্য ছবি বিশ্বাসের ওপর হামলা হয়েছিল সেদিন।