২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহীতে অগ্নিদগ্ধ হয়ে হাসপাতাল কর্মচারীর মৃত্যু

রাজশাহী শহরের একটি বাড়িতে আগুনে পুড়ে এক হাসপাতাল কর্মচারীর মৃত্যু হয়েছে।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Apr 2015, 02:17 PM

Updated : 22 Aug 2022, 12:02 PM

নিহত বাবুল হোসেন বাবলু (৪৫) নগরীর বেসরকারি বারিন্দ মেডিকেল কলেজ হাসপাতালের চতুর্থ শ্রেণির কর্মচারী। তিনি নগরীর রাজপাড়া থানার নিমতলা এলাকার ইয়াসিন আলীর ছেলে।

বোয়ালিয়া থানার ওসি আলমগীর হোসেন বলেন, শনিবার গভীর রাতের ওই অগ্নিকাণ্ডে দগ্ধ হওয়ার পর রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় রোববার ভোরে তার মৃত্যু হয়।

বারিন্দ মেডিকেল কলেজ হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা গোলাম হোসেন জানান,  গভীর রাতে তাদের মেডিকেল সংলগ্ন মেসের একটি কক্ষে আগুন লাগলে তাতে দগ্ধ হন বাবলু। রাতেই মেসের লোকজন আগুন নিয়ন্ত্রণে এনে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে নিয়ে যান।

ওসি আলমগীর বলেন, মশার কয়েল থেকে এ অগ্নিকাণ্ড হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।  ময়নাতদন্তের পর লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে।