জাটকা সংরক্ষণ নিয়ে মন্ত্রীর আক্ষেপ
সরকারের সব শক্তি নিয়োগের পরও ইলিশের পোনা জাটকা সংরক্ষণ করা সম্ভব হচ্ছে না বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ ছায়েদুল হক।
জাতীয় জাটকা সংরক্ষণ সপ্তাহ উপলক্ষে শনিবার দুপুরে চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমিতে এক মতবিনিময় সভায় মন্ত্রী এ কথা বলেন।
প্রাণিসম্পদ মন্ত্রী ছায়েদুল হক বলেন, “জাটকা সংরক্ষণে পুলিশ, কোস্টগার্ড, নৌ-বাহিনী, টাস্কফোর্স, মোবাইল কোর্টকে কাজে লাগিয়েও কিছুতেই কিছু হচ্ছে না। এভাবে চলতে থাকলে ইলিশ অস্তিত্ব সংকটে পড়বে। ”
এ অবস্থায় ইলিশের বংশ রক্ষা করতে তৃণমূল পর্যায়ের জনপ্রতিনিধিদের সুচিন্তিত মতামত প্রদান এবং সে অনুযায়ী ব্যবস্থা নেওয়ার ওপর গুরুত্ব আরোপ করেন তিনি।
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব শেলীনা আফরোজার সভাপতিত্বে অনুষ্ঠানে চাঁদপুর-৪ আসনের সংসদ সদস্য মো. শামছুল হক ভূঁইয়া, মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক সৈয়দ আরিফ আজাদ, মৎস্য গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক মো. জাহের, জেলা প্রশাসক মো. ইসমাইল হোসেন, পুলিশ সুপার মো. আমির জাফর ও মুক্তিযোদ্ধা সৈয়দা বদরুন নাহার বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে চাঁদপুর ছাড়াও লক্ষ্মীপুর, নোয়াখালী, ফেনী, চট্টগ্রাম, কক্সবাজার, শরীয়তপুর জেলার পৌরসভা, ইউনিয়ন পরিষদসমূহের মেয়র, চেয়ারম্যান, মৎস্য বিভাগীয় কর্মকর্তা, নৌ-পুলিশ ও কোস্টগার্ডের কর্মকর্তারা অংশ নেন।
মাঠ পর্যায়ের জনপ্রতিনিধিরা জাটকা সংরক্ষণে প্রতিবন্ধকতাগুলো তুলে ধরেন। মন্ত্রী এসব মতামতের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।
এবার জাতীয় জাটকা সংরক্ষণ সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠান ও নৌ-র্যালি রোববার সকালে চাঁদপুরে অনুষ্ঠিত হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে দুইজন মন্ত্রী, একজন প্রতিমন্ত্রী ও বেশ কয়েকজন সংসদ সদস্য উপস্থিত থাকবেন বলে আয়োজকরা জানিয়েছেন।
