২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চলচ্চিত্রে গঠনমূলক বার্তা চান প্রধানমন্ত্রী

চলচ্চিত্রের মাধ্যমে সন্ত্রাস, জঙ্গিবাদসহ সমাজের অশুভ বিষয়গুলোর গঠনমূলক বার্তা মানুষের কাছে পৌঁছে দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Apr 2015, 08:42 PM

Updated : 12 Oct 2022, 03:30 PM

শনিবার বঙ্গবন্ধু সম্মেলন কেন্দ্রে ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০১৩’ বিতরণ অনুষ্ঠানে এ আহ্বান জানান তিনি।

শেখ হাসিনা বলেন, “এখন যেমন সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক, হানাহানি, কাটাকাটি- এই বিষয়গুলোর হাত থেকে সমাজকে রক্ষা করতে হবে। এর কুফলটা সমাজে তুলে ধরতে হবে এবং গঠনমূলক বার্তা জনগণের কাছে পৌঁছে দিতে হবে।”

এসময় মুক্তিযুদ্ধের বিষয় নিয়ে চলচ্চিত্র নির্মাণের জন্য কলাকুশলী ও শিল্পীদের উৎসাহ দেন তিনি।

“আমি অনুরোধ করবো, আমাদের দীর্ঘদিনের যে মুক্তি সংগ্রাম, মুক্তিযুদ্ধের মাধ্যমে বিজয় অর্জন, আমাদের দেশের মানুষের ওপড় যে অত্যাচার-নির্যাতন, মানুষের যে মহান আত্মত্যাগ; এই বিষয়গুলো তুলে ধরে আরও বেশি বেশি চলচ্চিত্র নির্মাণ করা প্রয়োজন।

“এটা শিশুদের জন্য প্রয়োজন, আগামী প্রজন্মের জন্য প্রয়োজন, বর্তমানের জন্যও প্রয়োজন,” বলেন প্রধানমন্ত্রী।

চলচ্চিত্রকে ‘সমাজ জীবনের প্রতিচ্ছবি’ উল্লেখ করে তিনি বলেন, অসুস্থ্য ও অশ্লীল ছবি সমাজের ক্ষতি করে।

“কাজেই আমরা এটুকু আশা করবো, আমাদের সমাজ বিনির্মাণের জন্য, আমাদের সংস্কৃতি বিকাশের জন্য, আমাদের এ মহান মুক্তিযুদ্ধ, মহান আত্মত্যাগের ইতিহাস, মুক্তিসংগ্রামের ইতিহাস, সেগুলি আমাদের সমাজের আরও বেশি মানুষের কাছে অবদান রাখবে এবং দেশকে আমরা মুক্তিযুদ্ধের চেতনায় গড়ে তুলতে পারবো সেইভাবেই আপনারা কাজ করবেন।”

মুক্তিযুদ্ধসহ দেশের সকল গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে চলচ্চিত্র শিল্পীদের ‘বলিষ্ঠ ও সাহসী’ ভূমিকার কথা উল্লেখ করে তাদের প্রতি কৃতজ্ঞতা জানান শেখ হাসিনা।

এসময় চলচ্চিত্র শিল্প উন্নয়নে আওয়ামী লীগ সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন তিনি।

শেখ হাসিনা জানান, আর্কাইভ কার্যক্রমকে শক্তিশালী করতে সরকার ৭৫ কোটি টাকা ব্যয়ে একটি অত্যাধুনিক আর্কাইভ ভবন নির্মাণ করছে; যেটির কাজ প্রায় শেষ পর্যায়ে। চলচ্চিত্রপ্রেমী ও দর্শকদের হলমুখী করার জন্য সিনেমা হলগুলোকে ডিজিটালাইজ করা ও সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রাথমিকভাবে ১০০টি সিনেমা হল এবং পর্যায়ক্রমে ৩০০টি হলকে ডিজিটাল করার বিষয়ে কমিটি গঠন করা হয়েছে বলে জানান প্রধানমন্ত্রী।

এছাড়া দেশের ৬৪টি জেলা সদর ও ৪টি উপজেলায় তথ্য কমপ্লেক্স স্থাপনের জন্য পরিকল্পনা গ্রহণ করা হয়েছে বলে জানিয়ে তিনি বলেন, প্রতিটি কমপ্লেক্সে একটি করে থিয়েটার হল তৈরি করা হবে।

এছাড়াও চলচ্চিত্রে তথ্য-প্রযুক্তির সুবিধা বাড়ানো হচ্ছে বলেও জানান প্রধানমন্ত্রী।

প্রতিযোগিতার মাধ্যমে বিশ্ব চ্যালেঞ্জ মোকাবিলার তাগিদ দিয়ে তিনি বলেন, “এখন আকাশ সংস্কৃতির যুগে বিশ্ব আজ সবার কাছে উন্মুক্ত। এ প্রতিযোগিতায় টিকে থাকতে হলে চলচ্চিত্রের গুণগত মানের বৃদ্ধি করতে হবে।”

এজন্য সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা দেওয়ারও আশ্বাস দেন তিনি।

অনুষ্ঠানে ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০১৩’ বিজয়ীদের হাতে পুরস্কার ও সন্মাননা তুলে দেন প্রধানমন্ত্রী।

২০১৩ সালের জন্য আজীবন সন্মাননা পেয়েছেন অভিনেত্রী সারাহ্‌ বেগম কবরী, শ্রেষ্ঠ চলচ্চিত্র হয়েছে মৃক্তিকা মায়া, শ্রেষ্ঠ প্রামাণ্য চলচ্চিত্র হয়েছে শুনতে কি পাও, শ্রেষ্ঠ চলচ্চিত্র পরিচালক গাজী রাকায়েত (মৃত্তিকা মায়া), শ্রেষ্ঠ অভিনেতা প্রধান চরিত্রে তিতাস জিয়া (মৃত্তিকা মায়া)।

যৌথভাবে শ্রেষ্ঠ অভিনেত্রী মৌসুমী (দেবদাস) ও শর্মি মালা (মৃত্তিকা মায়া), পার্শ্ব চরিত্রে শ্রেষ্ঠ অভিনেতা রাইসুল ইসলাম আসাদ (মৃত্তিকা মায়া), পার্শ্ব টরিত্রে শ্রেষ্ঠ অভিনেত্রী অপর্ণা (মৃত্তিকা মায়া), খল চরিত্রে শ্রেষ্ঠ অভিনেতা মামুনুর রশীদ (মৃত্তিকা মায়া)।

শ্রেষ্ঠ শিশুশিল্পী স্বচ্ছ (একই বৃত্তে), শিশুশিল্পী শাখায় বিশেষ পুরস্কার সৈয়দা অহিদা সাবরিনা (অন্তর্ধান), যৌথভাবে শ্রেষ্ঠ সংগীত পরিচালক একে আজাদ (মৃত্তিকা মায়া) ও শওকত আলী ইমন (পূর্ণদৈর্ঘ্য প্রেমকাহিনী), শ্রেষ্ঠ গায়ক চন্দন সিনহা (পূর্ণদৈর্ঘ্য প্রেমকাহিনী), যৌথভাবে শ্রেষ্ঠ গায়িকা রুনা লায়লা ও সাবনিা ইয়াসমিন (দেবদাস)।

শ্রেষ্ঠ গীতিকার কবির বকুল (পূর্ণদৈর্ঘ্য প্রেমকাহিনী), শ্রেষ্ঠ সুরকার কৌশিক হোসেন তাপস (পূর্ণদৈর্ঘ্য প্রেমকাহিনী), শ্রেষ্ঠ কাহিনীকার, শ্রেষ্ঠ চিত্রনাট্যকার ও শ্রেষ্ঠ সংলাপ রচয়িতা গাজী রাকায়েত (মৃত্তিকা মায়া), শ্রেষ্ঠ শিল্পনির্দেশক উত্তম গুহ (মৃত্তিকা মায়া), শ্রেষ্ঠ সম্পাদক শরিফুল ইসলাম রাসেল (মৃত্তিকা মায়া) এবং চিত্রগ্রাহক সাইফুল ইসলাম বাদল (মৃত্তিবা মায়া)।