চুয়াডাঙ্গায় পুলিশ-গ্রামবাসী সংঘর্ষ: ২ পুলিশসহ আহত ১০
চুয়াডাঙ্গার দামুড়হুদায় ওয়াজ মাহফিলের জন্য চাঁদা তোলা নিয়ে পুলিশ ও গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে দুই পুলিশ সদস্যসহ ১০ জন আহত হয়েছে।
শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার দলকা লক্ষিপুর গ্রামে এ ঘটনায় আহতদের চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দামুড়হুদা থানার ওসি কামরুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সন্ধ্যায় কয়েকজন গ্রামবাসী পুলিশ ফাঁড়িতে গিয়ে ওয়াজ মাহফিলের জন্য চাঁদা চায়। পুলিশ সদস্যরা বিস্তারিত জানতে চাইলে তারা মারমুখী হয়। এ অবস্থায় পুলিশ গ্রামের চার যুবককে আটক করে।
“এসময় গ্রামবাসীরা পুলিশ ফাঁড়ি লক্ষ্য করে ইট-পাথর ছুঁড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ শর্টগানের গুলি ছুড়ে।”
এতে আহত হন- দলকা লক্ষিপুর গ্রামের তারাচাঁদের ছেলে মিজানুর রহমান (১৮), শাকের আলীর ছেলে আজাবুল হক (১৬), কাতু সরদারের ছেলে সাজিদ সরদার (১৫), হামিদ মেম্বার (৪২), বকুল জোয়ার্দ্দারের ছেলে সেলিম জোয়ার্দার (২৪), জিন্নাত আলীর ছেলে মিলন আলী (২২), কাতু সরদারের ছেলে স্বাধীন হোসেন (১৭), রহিম সরদারের ছেলে হুমায়ন কবির (১৬) এবং পুলিশ কনেস্টবল শহীদ হোসেন (২৪) ও জুয়েল হোসেন (২৭)।
তাদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গ্রামবাসী হাফিজুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ওয়াজ মাহফিলের জন্য টাকা চাওয়ার পরপরই পুলিশরা ক্ষুব্ধ হয়ে চার গ্রামবাসীকে আটক করে মারপিট শুরু করে।
“তাদের মারপিটের খবর মাইকযোগে প্রচার করা হলে গ্রামবাসী ক্ষুব্ধ হয় এবং পুলিশের কাছ থেকে ওই চার যুবককে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করে। এতে সংঘর্ষের ঘটনা ঘটে।”
