২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হত্যা মামলার বাদীকে আসামির ‘হুমকি’

ফরিদপুরের সালথায় একটি হত্যা মামলার বাদী ও তার পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে আসামির বিরুদ্ধে।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Apr 2015, 04:02 PM

Updated : 22 Aug 2022, 12:01 PM

শুক্রবার ফরিদপুর প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন বাদীর পরিবার।

গত বছরের ১ জুন সালথা উপজেলার বল্লভদী ইউনিয়নের বিষ্ণুদী গ্রামে মৃত রশিদ শেখের ছেলে আক্কাস শেখ খুন হন।

এই ঘটনায় নিহতের ভাই একরাম শেখ বাদী হয়ে সালথা থানায় ৩ জুন মামলা করেন। মামলাটি এখন সিআইডি তদন্ত করছে।  

সংবাদ সম্মেলনে মামলার বাদী একরাম শেখ লিখিত অভিযোগে বলেন, এ মামলার আসামি সেন্টু মোল্লা, সাহাবউদ্দিন শেখ, ফারুক, ফরিদ শেখকে গ্রেপ্তার করা হয়েছে।

কিন্তু গ্রেপ্তারকৃতরা হাই কোর্ট থেকে জামিনে মুক্তি পেয়ে এলাকায় এসে বিভিন্নভাবে মামলা তুলে নেওয়ার হুমকি দিয়ে যাচ্ছে।

তিনি বলেন, মামলা থেকে তাদের নাম প্রত্যাহার না করা হলে বাদী ও তার পরিবারের অন্য সদস্যদের আক্কাসের পরিণতি ভোগ করতে হবে বলে হুমকি দিয়ে যাচ্ছে।

এই হুমকির ঘটনায় সালথা থানায় গত ১৭ মার্চ একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।

সংবাদ সম্মেলনে অন্যন্যের মধ্যে উপস্থিত ছিলেন জাফর ফকির, সরোয়ার মোল্লা, হবি মোল্লা, রাজ্জাক শেখ, ফরিদপুর প্রেসক্লাবের সহ-সভাপতি জাহিদ রিপন প্রমুখ।

মামলার ব্যাপারে ফরিদপুরের সিআইডির এসআই আমিনুল ইসলাম জানান, এই হত্যা মামলাটি সালথা থানা পুলিশ ও সিআইডি পুলিশ পৃথকভাবে তদন্ত করেছে।

তদন্ত শেষ হয়েছে, এখন অভিযোগপত্র দাখিল করা হবে বলে জানান তিনি।