সুষ্ঠু নির্বাচনে সরকার কমিশনকে সহযোগিতা করবে: মোশাররফ
দলসমর্থিত মেয়র প্রার্থীর পক্ষে প্রতিমন্ত্রী ও সাংসদদের নিয়ে বৈঠকের একদিন পর সুষ্ঠু নির্বাচনে সরকার নির্বাচন কমিশনকে ‘সহযোগিতা’ করবে বলে মন্তব্য করেছেন মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন।
বৃহস্পতিবার বিকালে নগরীর দোস্ত বিল্ডিংয়ে চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন।
পরে রাতে দপ্তর সম্পাদক মহিউদ্দিন বাবলু স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ বিষয়ে গণমাধ্যমকে জানানো হয়।
উত্তর জেলা আওয়ামী লীগ নেতা বেদারুল আলম চৌধুরী বেদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিকাল পাঁচটা থেকে সভা শুরু হয়, চলে প্রায় আটটা পর্যন্ত।
সভায় গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী এবং দলের সভাপতিমণ্ডলীর সদস্য মোশাররফ বলেন, আসন্ন সিটি করপোরেশন নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করার লক্ষ্যে সরকার নির্বাচন কমিশনকে সর্বাত্মক সহযোগিতা করবে।
“যে কোনো মূল্যে গ্রহণযোগ্য নির্বাচন করতে সরকার বদ্ধপরিকর।”
নির্ভয়ে ভোট কেন্দ্রে গিয়ে সৎ-যোগ্য ও উপযুক্ত প্রার্থীকে নির্বাচিত করতে জনগণের প্রতি আহ্বান জানান মোশাররফ।
এবার চট্টগ্রাম সিটি করপোরেশন (সিসিসি) নির্বাচনে নাগরিক কমিটির পক্ষে আওয়ামী লীগের সমর্থনে প্রার্থী হয়েছেন নগর কমিটির সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন।
গত মঙ্গলবার দুপুরে নগরীর জিইসি মোড়ে হোটেল পেনিনসুলার দোতলায় আওয়ামী লীগের নির্বাচনী প্রস্তুতি নিয়ে একটি বৈঠক হয়।
ওই বৈঠকে ইঞ্জিনিয়ার মোশাররফ, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর ও ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ উপস্থিত ছিলেন।
এতে মন্ত্রী-প্রতিমন্ত্রী ছাড়াও জাসদের সাংসদ মঈনুদ্দিন খান বাদল, আওয়ামী লীগের এম এ লতিফ, শামসুল হক চৌধুরী, দিদারুল আলম ও মাহফুজুর রহমান মিতাও ছিলেন।
বৈঠকে দলের নির্বাচনী ‘স্ট্র্যাটেজি’ ঠিক করা নিয়ে আলাপ হয় বলে জানান প্রতিমন্ত্রী জাবেদ।
ওই বৈঠকের বিষয়ে অবগত আছেন জানিয়ে বিষয়টি তদন্ত করা হবে বলে বুধবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন চট্টগ্রামের রিটার্নিং কর্মকর্তা আবদুল বাতেন।
বুধবার রাতেই ওই বৈঠকের বিষয়ে চট্টগ্রাম উন্নয়ন আন্দোলনের পক্ষে রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দেওয়া হয়।
এবার ২০ দলের সমর্থনে চট্টগ্রাম উন্নয়ন আন্দোলনের প্রার্থী সাবেক মেয়র মনজুর আলম।
এর আগেও মঙ্গলবার চট্টগ্রাম উন্নয়ন আন্দোলনের পক্ষে মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, প্রার্থী আ জ ম নাছির উদ্দিন ও চট্টগ্রাম মহানগর পুলিশ কমিশনার আবদুল জলিল মন্ডলের বিরুদ্ধে চারটি লিখিত অভিযোগ দেওয়া হয়।
বৃহস্পতিবার উত্তর জেলা আওয়ামী লীগের ওই বর্ধিত সভায় উপস্থিত ছিলেন জেলা কমিটির সভাপতি নুরুল আলম চৌধুরী, সাধারণ সম্পাদক এম এ সালামসহ জ্যেষ্ঠ নেতারা।
