সাগর মোহনায় ট্রলারডুবি, নিখোঁজ ১৬ জেলে
ভোলার মনপুরা এলাকায় মেঘনার সাগর মোহনায় মাছধরা ট্রলার ডুবে ১৬ জেলে নিখোঁজ হয়েছেন।
বৃহস্পতিবার দুপুরে ‘এফবি আল্লাহ-মালিক’ নামের ট্রলারটি ডুবে যায়।
নিখোঁজ জেলেদের মধ্যে প্রাথমিকভাবে মোবারক, মাহাবুব, বাশার ও এরশাদের নাম পাওয়া গেছে।
ভোলা কেস্টগার্ড দক্ষিণ জোনের অপারেশন অফিসার লেফটেন্যান্ট জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, খবর পেয়ে দুর্ঘটনাকবলিত ট্রলারের জেলেদের উদ্ধারে সন্ধ্যায় কোস্টগার্ডের একটি দল ঘটনাস্থলের উদ্দেশে রওনা দিয়েছে।
কুতুবদিয়া মৎস্য আড়ৎদার আবুল কালাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কুতুবদিয়া মৎস্য অবতরণ কেন্দ্রের দিদারুল্লাহ দিদারের এফবি আল্লাহ-মালিক ফিশিং বোট বুধবার বেলা ২টার দিকে ১৬ জেলে নিয়ে মাছ শিকারে যায়।
এরপর কোনো এক সময় ঝড়ের কবলে পড়ে ট্রলারটি ডুবে যায়। সন্ধ্যা ৭টা পর্যন্ত নিখোঁজ জেলেদের সন্ধান মেলেনি।
ঢালচরের মৎস্য আড়ৎদার নান্নু মাতাব্বর বলেন, “ডুবে যাওয়া ট্রলারের জেলেরা ভাসমান অবস্থায় রয়েছে বলে আমরা জানতে পেরেছি। তবে, এখন পর্যন্ত তাদের উদ্ধার করা সম্ভব হয়নি।”
