২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাকিমপুর থানার ওসিসহ ৩ জনের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা

দিনাজপুরের হাকিমপুর থানার ওসি মোখলেছুর রহমানসহ তিন জনের বিরুদ্ধে চাঁদবাজির অভিযোগে মামলা করেছেন এক ব্যবসায়ী।

দিনাজপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Apr 2015, 07:32 PM

Updated : 22 Aug 2022, 12:01 PM

মামলার অন্য দুই আসামি হলেন, ওই থানার উপ-পরিদর্শক মতিউর রহমান ও গাইবান্ধার পলাশবাড়ি উপজেলার কালিপদ সরকারের ছেলে পলাশ সরকার।

ঘোড়াঘাট উপজেলার চোপাগাড়ী গ্রামের মৎস্য ব্যসায়ী জোবাইদুল ইসলাম বাদী হয়ে বৃহস্পতিবার দিনাজপুরের প্রথম শ্রেণির জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালতে মামলাটি করেন।

ওই আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. রেজাউল বারী মামলাটি আমলে নিয়ে অতিরিক্ত পুলিশ সুপারকে (অপরাধ) তদন্ত করে আগামী ৪ মে তারিখের মধ্যে প্রতিবেদনে দাখিলের নির্দেশ দিয়েছেন।

মামলার অভিযোগে বলা হয়েছে, গত ৫ জানুয়ারি হাকিমপুরের হিলি চারমাথা রোডে তাৎক্ষণিক কাগজপত্র দেখাতে না পারায় ওই দুই পুলিশ কর্মকর্তা এবং তাদের সহযোগী পলাশ সরকার তার ক্রয় করা পালসার মোটরসাইকেল আটক করে থানায় নিয়ে যান।

বাদী বাড়ি গিয়ে ওইদিন সন্ধ্যায় কাগজপত্র নিয়ে হাকিমপুর থানায় গেলে দুই পুলিশ কর্মকর্তা এক লাখ টাকা চাঁদা দাবি করেন। টাকা দিতে অস্বীকার করায় বাদীকে আটক করে এবং হাকিমপুর থানার একটি ডাকাতির চেষ্টা মামলার আসামি করে আদালতে পাঠায়। গত ৯ মার্চ বাদী ওই মামলায় জামিন পান।

এ ব্যাপারে জিজ্ঞেস করলে চাঁদা দাবির কথা অস্বীকার হাকিমপুর থানার ওসি মোখলেছুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ওই মোটরসাইকেলটি জোবাইদুল তাদের অজান্তে ঘটনার দিন থানা কম্পাউন্ডে রেখে যায় এবং কাউকে না জানিয়ে সেটি নিয়ে যাওয়ার সময় তাকে আটক করা হয়।

ওসি আরও বলেন, ওই সময় গাইবান্ধার পলাশবাড়ি উপজেলার কালিপদ সরকারের ছেলে পলাশ সরকার মোটরসাইকেলটি তার বলে দাবি করে জানান আর্থিক লেনদেনের কারণে জোরপূর্বক স্ট্যাম্পে স্বাক্ষর নিয়ে মোটরসাইকেলটি কেড়ে নেওয়া হয়েছে।

“বিষয়টি তদন্ত করতে গিয়ে দেখা যায় জোবাইদুল হাকিমপুর থানার মামলা নম্বর ১ তারিখ ০১/০১-১৪ এর আসামি। ফলে তাকে আদালতে পাঠানো হয়,” বলেন ওসি মোখলেছুর।