অটিস্টিকরা হবে আমাদের সম্পদ: প্রধানমন্ত্রী
অটিজমের শিকার শিশুরা যাতে সমাজের বোঝা না হয়ে সম্পদ হতে পারে সেভাবেই তাদের গড়ে তোলার উদ্যোগ নেয়ার কথা বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৃহস্পতিবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিশ্ব অটিজম সচেতনতা দিবস-২০১৫ এর উদ্বোধীন অনুষ্ঠানে তিনি বলেন, “তারা আমাদের জন্য অ্যাসেট হবে, সেভাবেই আমরা গড়ে তুলতে চাই।”
শতাধিক অটিস্টিক ও প্রতিবন্ধী শিশু, কিশোর, তরুণ এবং তাদের অভিভাবকদের উপস্থিতিতে প্রধানমন্ত্রী আইনস্টাইন, নিউটন, বিটোফেনসহ বিভিন্ন বিখ্যাত ব্যক্তিদের কথাও তুলে ধরেন; যারা নানা প্রতিবন্ধকতা নিয়ে জন্ম নিয়েছিলেন।
“আমরা সবসময় এটাই চিন্তা করি, যারা অটিস্টিক তাদের অবহেলা না করে তাদের ভেতর যে সুপ্ত প্রতিভা বা ক্ষমতাটা- তা বিকশিত করার সুযোগ করে দিতে হবে। তাহলেই তাদের কাছ থেকে আমাদের সমাজ অনেক বেশি শিখতে পারবে, জানতে পারবে।”
তার এই হেঁটে বেড়ানো নিয়ে বিপাকে পড়ে প্রধানমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকা এএসএফ সদস্যরা তাকে থামানোর চেষ্টা করলে মঞ্চে বসা শেখ হাসিনা তাদের নিষেধ করেন।
এরপর অনুষ্ঠানের পুরোটা সময় নিজের মনে মিলনায়তনের ভেতরে হেঁটে বেড়ায় সেই কিশোর।
সংবিধানের প্রতিবন্ধীদের অধিকার সংরক্ষণের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, “প্রতিবন্ধী হলেই তাদেরকে অবহেলা করার সুযোগ নেই।”
অটিস্টিক ও প্রতিবন্ধীদের প্রতি সবাইকে সহানুভূতিশীল হওয়ার আহ্বান জানান তিনি।
“সত্যি কথা বলতে কি, আমি নিজেও কিন্তু এ ব্যাপারে কখনো সচেতন ছিলাম না, বা জানতাম না। আমি এ বিষয়টা জেনেছি আমার মেয়ের কাছ থেকে।”
অনুষ্ঠানে অটিজম নিয়ে সায়মার একটি ধারণ করা বক্তব্য শোনানো হয়। তার পরামর্শ নিয়েই বাংলাদেশে অটিজম সচেতনতা তৈরির কাজ চলছে বলে জানান প্রধানমন্ত্রী।
‘প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা আইন’ এবং ‘নিউরো-ডেভেলপমেন্টাল প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্ট’ আইন করার কথা তুলে ধরে এই ট্রাস্ট বা ফাউন্ডেশনের মাধ্যমে প্রতিবন্ধীদের সুরক্ষা দেওয়ার কথা অনুষ্ঠানে তুলে ধরেন প্রধানমন্ত্রী।
তিনি বলেন, “এদের চিকিৎসা অত্যন্ত ব্যয়বহুল। আবার যখন বাবা-মা থাকবে না, তখন কে তাদের দেখবে? কে তাদের সুরক্ষিত জীবন দেবে? এদের কথা চিন্তা করেই আমরা ট্রাস্ট ফান্ড বা ফাউন্ডেশন করে দিয়েছি।”
প্রধানমন্ত্রী বলেন, প্রতিবন্ধী শিশুদের বিদ্যালয়ে ভর্তি ও তাদের সুবিধামত অবকাঠামোগত পরিবেশ তৈরি করে দেওয়া হচ্ছে। উপবৃত্তি সুবিধাভোগীর সংখ্যা ইতোমধ্যে বাড়ানো হয়েছে, ভবিষ্যতে আরও বাড়ানো হবে।
অটিস্টিকসহ সকল প্রতিবন্ধী শিশুকে মূলধারায় আনতে শিক্ষা মন্ত্রণালয়ের আওতায় ৬০ কোটি টাকা ব্যয়ে একটি বিশেষ অ্যাকাডেমি স্থাপনের কাজ শুরু হয়েছে বলেও জানান শেখ হাসিনা।
এছাড়া অটিস্টিক শিশু ও প্রাপ্তবয়স্ক ব্যক্তিদেরকে বিনামূল্যে বিভিন্ন সেবা দিতে মিরপুরে জাতীয় প্রতিবন্ধী ফাউন্ডেশন ক্যাম্পাসে অটিজম রিসোর্স সেন্টার চালুর কথা জানান।
তিনি বলেন, প্রতিবন্ধীদের বিনামূল্যে ফিজিওথেরাপি ও অন্যান্য চিকিৎসা দিতে দেশের ৬৪ জেলায় ১০৩টি সেবা ও সাহায্য কেন্দ্র (ওয়ান স্টপ সার্ভিস সেন্টার) স্থাপন করা হয়েছে, ভবিষ্যতে এ সংখ্যা আরও বাড়ানো হবে।
অন্যদের মধ্যে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম, সমাজকল্যাণ মন্ত্রী সৈয়দ মহসিন আলী, প্রতিমন্ত্রী প্রমোদ মানসকিন অনুষ্ঠানে বক্তব্য দেন।
বক্তব্য শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়; প্রধানমন্ত্রী কিছু সময় তা উপভোগ করেন।
