২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গোবিন্দগঞ্জে গৃহবধূর ঝুলন্ত লাশ

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

গাইবান্ধা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Mar 2015, 07:00 PM

Updated : 22 Aug 2022, 12:00 PM

মঙ্গলবার কোচাশহর ইউনিয়নের মুকন্দপুর দক্ষিণপাড়া এলাকা থেকে মরিয়ম বেগমের লাশ উদ্ধার করা হয়।

মরিয়ম ওই গ্রামের সাহারুল ইসলামের স্ত্রী এবং ফুতুপাড়া গ্রামের মোফাজ্জল হোসেনের মেয়ে।

ঘটনার পর থেকে স্বামী সাহারুল ও তার পরিবারের সদস্যরা পলাতক রয়েছে।

মরিয়মের বাবা মোফাজ্জল হোসেনের দাবি, তার মেয়েকে নির্যাতনের পর হত্যা করে লাশ ঝুলিয়ে রাখা হয়েছে।

প্রতিবেশীদের বরাত দিয়ে গোবিন্দগঞ্জ থানার ওসি এবিএম জাহিদুল ইসলাম জানান, সাহারুল ঢাকায় রিকশা চালান। ২/৩ মাস ঢাকায় থেকে সম্প্রতি তিনি ঢাকা থেকে বাড়ি আসেন। সোমবার রাতে তাদের স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়।

মঙ্গলবার সকালে তাদের ঘরে মরিয়মের ঝুলন্ত লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয় প্রতিবেশীরা।

ওসি বলেন, মরিয়মের কপালসহ শরীরের বিভিন্ন স্থানে ক্ষত চিহ্ন রয়েছে। এ ঘটনায় মরিয়মের বাবা থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।