সুন্দরবনে কথিত বন্দুকযুদ্ধে ‘জলদস্যু’ নিহত
খুলনার কয়রা উপজেলার সুন্দরবনে গভীর রাতে কথিত বন্দুকযুদ্ধে এক যুবক নিহত হয়েছে, যিনি বনদস্যু ‘আল আমিন বাহিনী’র প্রধান ছিলেন বলে পুলিশের দাবি।
নিহত আল-আমিনের (২৮) বাড়ি চার নম্বর কয়রা গ্রামের পল্লীমঙ্গল এলাকায়। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় হত্যা, অপহরণসহ পাঁচটি মামলা রয়েছে বলে খুলনার অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিণ) এস এম শফিউল্লাহ জানান।
তিনি বলেন, রোববার গভীর রাতে সুন্দরবনের ঝপঝপিয়ার চরে এ গোলাগুলির ঘটনা ঘটে।
অতিরিক্ত পুলিশ সুপার বলেন, রোববার সকালে পুলিশ আমিনকে কয়রার চাঁদখালী এলাকা থেকে গ্রেপ্তার করে। তাকে কয়রা থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি লুকানো অস্ত্র থাকার তথ্য দেন।
“ওই অস্ত্র উদ্ধারের জন্য গভীর রাতেই আমিনকে নিয়ে ঝপঝপিয়ার চরে অভিযানে যায় পুলিশ। এ সময় চরে অবস্থান নিয়ে থাকা বনদস্যুরা পুলিশের দিকে গুলি ছুড়লে পুলিশও পাল্টা গুলি চালায়। প্রায় এক ঘণ্টা ধরে গোলাগুলির মধ্যে আমিন পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে দস্যুরা পিছু হটলে ঘটনাস্থল থেকে আমিনকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে পুলিশ।”
গুলিবিদ্ধ আমিনকে কয়রা উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে শফিউল্লাহ জানান।
সোমবার সকালে তার লাশ ময়নাতদন্তের জন্য কয়রা থেকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল থেকে তিনটি করে রাইফেল ও বন্দুক, একটি এয়ারগান, শতাধিক গুলি উদ্ধার করা হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার জানান, বনদস্যুদের সঙ্গে বন্দুকযুদ্ধে হাফিজুর রহমান নামে একজন উপ পরিদর্শক এবং হারুন অর রশীদ, মোকাররম হোসেন ও রাজু নামে তিন কনস্টেবল আহত হয়েছেন। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
