বিমানের ফ্লাইটে যান্ত্রিক গোলযোগ
সিঙ্গাপুর থেকে ২০৬ জন যাত্রী নিয়ে ঢাকায় আসার পথে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি উড়োজাহাজ দুই দফায় যান্ত্রিক গোলযোগে পড়লেও শেষ পর্যন্ত কোনো বিপদ ঘটেনি।
শনিবার বিকালে সিঙ্গাপুরের চাঙ্গি বিমানবন্দর থেকে উড্ডয়ন এবং সাড়ে ৮টার দিকে ঢাকার শাহজালাল বিমানবন্দরে অবতরণের সময় ফ্লাইট বিজি-০৮৫ এ জটিলতা দেখা দেয় বলে বিমানের সহকারী ব্যবস্থাপক (জনসংযোগ) তাছমিন আকতার জানান।
বিমানের পক্ষে এক আনুষ্ঠানিক বিবৃতিতে তিনি বলেন, এয়ারবাস এ ৩১০ মডেলের উড়োজাহাজটি চাঙ্গি থেকে স্থানীয় সময় বিকাল ৪টায় উড্ডয়নের পর ককপিট মনিটরে ‘ফ্লাইট ওয়ার্নিং ইনডিকেশন’দেখানো হয়। এ কারণে ওড়ার প্রায় এক ঘণ্টা পর বিমানটি আবার সিঙ্গাপুরে অবতরণ করে।
ক্রুটি সারানোর পর জাহাজটি সন্ধ্যায় ঢাকার পথে রওনা হয়। কিন্তু ঢাকায় নামার আধা ঘণ্টা আগে পাইলট ২ নম্বর ইঞ্জিনে আগুন লাগার সংকেত পান।
এই অবস্থায় তিনি তাৎক্ষণিকভাবে ঢাকার নিয়ন্ত্রণ কক্ষকে ‘জরুরি অবতরণের’বার্তা পাঠান। তবে শেষ পর্যন্ত যাত্রীদের নিয়ে বিমানটি নিরাপদেই অবতরণ করে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।
অবশ্য বিমানের এক কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আগুন লাগার সংকেত পাওয়ার পর পাইলট নিরাপত্তামূলক ব্যবস্থা হিসাবে বেশ কিছু তেল ফেলে দেন। ঢাকায় অবতরণের আগে এতে হাইড্রোলিক লিকেজও ধরা পরে। তখন বৈমানিক জরুরি অবতরণের প্রস্তুতি নেন।
হাইড্রোলিক লিকেজ হলে সাধারণত উড়োজাহাজের ল্যান্ডিং গিয়ার আটকে যায়। এক্ষেত্রে চাকা নামানো যায় না বলে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা থাকে।
বিমান কর্তৃপক্ষ বলছে, ঢাকায় অবতরণের পর উড়োজাহাজটি পরীক্ষা-নিরীক্ষা করে ইঞ্জিনে আগুন লাগার কোনো নমুনা পাওয়া যায়নি। ফায়ার ওয়ার্নিং সিস্টেমের‘ভুল সংকেত’ এর কারণে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছিল বলেও এতে উল্লেখ করা হয়।
তবে বিমানবন্দরের কয়েকজন কর্মী জানান, উড়োজাহাজটি রানওয়েতে নামার সময় ধোঁয়া দেখা যায়। বিমানবন্দরের অগ্নি নির্বাপক দলকেও তৎপর দেখা যায়।
বিমান কর্মকর্তারা জানান, বিমানের বহরে ১৯৯০ সালে যুক্ত হয় দুটি এয়ারবাস এ ৩১০। উড়োজাহাজ দুটির বয়স প্রায় ৩০ বছর। বিশ্বের কোনো বিমান পরিবহন সংস্থাই এখন আর এ মডেলের উড়োজাহাজে যাত্রী পরিবহন করে না।
বিষয়টি খতিয়ে দেখতে একটি তদন্ত কমিটি করা হয়েছে বলে তাছমিন আকতার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান।
