২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কলেজছাত্রীকে ‘অপহরণ করে ধর্ষণ’, ২ যুবক গ্রেপ্তার

এক কলেজছাত্রীকে অপহরণের পর ধর্ষণের অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

নওগাঁ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Mar 2015, 06:32 PM

Updated : 22 Aug 2022, 11:58 AM

সোমবার সন্ধ্যায় নওগাঁর সদর উপজেলার ফতেহপুর বাজার থেকে এদের আটক করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার পার-নওগাঁ ধোপাপাড়া মহল্লার মৃত প্রভাষ চন্দ্র সরকারের ছেলে ঝিনুক সরকার (৩৫) এবং জয়পুরহাট সদরের হাজী মাদ্রাসা রোড এলাকার আব্দুল মজিদের ছেলে মো. মুসা প্রামানিক (২২।

রাতেই উদ্ধার হওয়ার পর ওই ছাত্রী নওগাঁ সদর মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন।

নওগাঁ সদর মডেল থানার ওসি জাকিরুল ইসলাম জানান, মেয়েটিকে পুরুষের পোশাক পরিয়ে মোটরসাইকেলের মাঝখানে বসিয়ে জয়পুরহাট থেকে নওগাঁর নিয়ে আসছিল ওই দুই যুবক। ফতেপুর বাজারের কাছে আসলে মেয়েটি চিৎকার দিলে বাজারের লোকজন এসে মোটরসাইকেলটি আটক করে।

মেয়েটি বগুড়া আজিজুল হক কলেজের স্নাতক (সম্মান) দ্বিতীয় বর্ষের ছাত্রী জানিয়ে ওসি বলেন, ঝিনুক প্রেমের ফাঁদে ফেলে তাকে নিয়ে জয়পুরহাটে মুসার বাড়ি নিয়ে যায়। সেখানে আটকে রেখে ধর্ষণ করে। মেয়েটি বাধা দিয়ে পালিয়ে আসার চেষ্টা করলে ঝিনুক তাকে বিবস্ত্র করে আটকে রাখে।

পরে তাকে পুরুষের পোশাক পরিয়ে নওগাঁ নিয়ে আসছিল তারা।

পুলিশ ঝিনুক ও মুসার কাছ থেকে একটি রাম দা, ঘুমের ওষুধ ও ইঞ্জেকশনের সিরিঞ্জ উদ্ধার করেছে বলে জানান ওসি জাকিরুল।

মামলার তদন্ত কর্মকর্তা এসআই সাজেদুর রহমান বলেন, মেয়েটি বাদী হয়ে অপহরণ ও ধর্ষণের মামলা দায়ের করেছেন।

মঙ্গলবার দুপুরে মেয়েটির ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয় বলে জানান তিনি।