২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নববর্ষে শিরীষ তলাকে নতুন সাজে দেখবে চট্টগ্রামবাসী

পহেলা বৈশাখে নবরূপে উদ্বোধন হতে যাচ্ছে নগরীর রেলওয়ে সদর দপ্তর (সিআরবি) সংলগ্ন শিরীষ তলা।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Mar 2015, 08:58 PM

Updated : 22 Aug 2022, 11:57 AM

সোমবার রেলওয়ে সদর দপ্তরসংলগ্ন সিআরবি শিরীষ তলা সৌন্দর্যবর্ধন প্রকল্প পরিদর্শনে আসেন রেল ‍মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী। 

ফজলে করিম বলেন, “ঢাকার রমনা বটমূলের মত চট্টগ্রামবাসী যাতে বাংলার চিরায়ত উৎসবকে বরণ করার একটি নির্দিষ্ট স্থান পায় সে চিন্তা থেকেই সিআরবিকে সাজানো হচ্ছে।”

ইতিমধ্যে শিরিষ তলা ঘিরে স্থায়ী মঞ্চ ও সংলগ্ন পাহাড়ি এলাকায় গ্যালারির কাজ শেষ হয়েছে। পহেলা বৈশাখে এটি উদ্বোধন করা হবে বলে জানান এবিএম ফজলে করিম চৌধুরী।

প্রায় এক কোটি টাকা ব্যয়ে এ প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে বলে জানান তিনি।

তিনি বলেন, এ প্রকল্প বাস্তবায়ন হলে নিস্বর্গ প্রিয় মানুষদের একটা ঠিকানা হবে। পাশাপাশি নগরবাসী তাদের পরিবার-পরিজন নিয়ে বৈকালিক হাঁটাহাঁটি করতে পারবেন এখানে।

“সিআরবিকে নগরবাসীর জন্য একটি দৃষ্টিনন্দন বিনোদন কেন্দ্র ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের কেন্দ্রস্থল হিসেবে গড়ে তোলাই এ প্রকল্পের উদ্দেশ্য।”

‍দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে সিআরবি এলাকায় থাকবে পুলিশ ফাঁড়ি ও রেলওয়ে আনসার বাহিনী।

রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক মোজাম্মেল হক বলেন, সিআরবির সৌন্দর্য নগরবাসীকে এমনিতেই আকৃষ্ট করে। এ প্রকল্প বাস্তবায়ন হলে এটি চট্টগ্রামের ঐতিহ্যিক মিলন মেলা স্থান হিসেবে পরিণত হবে।

প্রকল্প পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন পূর্বাঞ্চল রেলওয়ের ‍অতিরিক্ত প্রধান প্রকৌশলী শহিদুল ইসলাম, রাউজান উপজেলা চেয়ারম্যান এহসানুর হক চৌধুরী বাবুল ও নববর্ষ উদযাপন পরিষদ চট্টগ্রামের পক্ষে কবি কামরুল হাসান বাদল।

গত ছয় বছর ধরে সিআরবি শিরীষ তলা এলাকায় নববর্ষ উদযাপনের আয়োজন করে আসছে নববর্ষ উদযাপন পরিষদ চট্টগ্রাম। এবার সপ্তমবারের মত তারা এ আয়োজন করবে।