পঞ্চগড়ে বাবা-মাকে কুপিয়ে হত্যা
পঞ্চগড় সদরে বাবা ও মাকে কুপিয়ে হত্যার অভিযোগে এক যুবককে আটক করেছে পুলিশ, যিনি মানসিক ভারসাম্যহীন বলে প্রতিবেশীরা জানান।
সদর থানার ওসি মোমিনুল ইসলাম জানান, রোববার দুপুরে জেলা শহরের পুরাতন ক্যাম্প মহল্লায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন ওই মহল্লার বাসিন্দা মুক্তিওযাদ্ধা মিজানুর রহমান (৬০) ও তার স্ত্রী রিনা সুলতানা (৫৫)।
এ ঘটনায় দুই পুলিশ সদস্য ও এক প্রতিবেশী নারী আহত হয়েছেন।
এ ঘটনায় নিহতদের ছেলে মঞ্জুরুল ইসলাম শান্তকে (৩২) পুলিশ আটক করেছ। শান্ত পঞ্চগড় চিনিকলের ইক্ষু উন্নয়ন সহকারী।
প্রতিবেশীদের বরাত দিয়ে ওসি জানান, দুপুরে ঘরের কয়েকটি হাঁস-মুরগি জবাই করেন শান্ত। এতে বাবা-মা বাধা দিলে তার সঙ্গে তাদের কথা কটাকাটি হয়।
এক পর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে বাবা ও মাকে গুরুতর আহত করেন শান্ত। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
এ সময় তাকে নিরস্ত করতে গিয়ে আহত হন সদর থানার এসআই আরিফ, এএসআই এনামুল ও নিহতদের প্রতিবেশী কনস্টেবল মাহবুবের স্ত্রী নাসিমা।
ওসি আরও জানান, এসআই আরিফ ও এএসআই এনামুলকে পঞ্চগড় সদর হাসপাতালে এবং নাসিমাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
লাশ উদ্ধার করে পঞ্চগড় সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। খুনের অভিযোগে শান্তকে আটক করে থানায় নেওয়া হয়েছে বলে জানান ওসি।
শান্ত মাঝেমধ্যে অস্থির হয়ে ওঠেন। তার স্ত্রী ও চার মাস বয়সের এক ছেলে রয়েছে বলে প্রতিবেশীরা জানিয়েছেন।
