জাটকা ধরায় ২৪ জেলের দণ্ড
চাঁদপুরের হাইমচর উপজেলায় মেঘনা নদীতে জাটকা ধরায় ৩২ জেলেকে আটক করে জেল-জরিমানা দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
এছাড়া হাইমচরের চরভৈরবীতে জাটকা শিকারে বাধা দিতে আসা আওয়ামী লীগ নেতা-কর্মীদের পেটানোর অভিযোগে আট জেলেকে গ্রেপ্তার করা হয়েছে।
হাইমচর থানার ওসি মো. মনিরুজ্জামান জানান, শনিবার রাত থেকে রোববার দুপুর পর্যন্ত মেঘনা নদীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৩২ জন জেলেকে আটক করা হয়।
পরে দুপুরের দিকে ইউএনও অফিসে ভ্রাম্যমাণ আদালত বসান হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম।
আটক ২২ জেলেকে দেড় মাসের সশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা করে জরিমানা এবং দুই জেলেকে পাঁচ হাজার টাকা করে জরিমানা করেন বিচারক।
এছাড়া আটক বাকি আট জনকে আওয়ামী লীগের ১০ নেতা-কর্মীর ওপর হামলা চালানোর অভিযোগে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে।
ওসি মনিরুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শনিবার রাতে জাটকা ধরতে জেলেরা নদীতে নামলে চরভৈরবী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আহমদ উল্লাহর নেতৃত্বে লোকজন নদীতে গিয়ে জেলেদের বাধা দেয়।
“এ নিয়ে ট্রলারযোগে দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। একপর্যায়ে জেলেরা আহমদ উল্লাহর লোকজনকে ঘিরে ফেললে তারা নদীতে ঝাঁপ দেয়।
“পরে নদী তীরে উঠে আসলে জেলেরা দেশীয় অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালিয়ে পালিয়ে যায়।”
এ ঘটনায় অন্তত ১০ জন আহত হন। তাদের মধ্যে আওয়ামী লীগ নেতা আহমদ উল্লাহ, চরভৈরবী ইউনিয়ন যুবলীগ সভাপতি ইলিয়াছ লিটন, শাহ আলী, মো. মনির হোসেন, খোকন মাতব্বর, লোকমান, ছাত্রলীগ নেতা মহিউদ্দিন ও সামাদকে উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে।
উপজেলা জাটকা নিধন বিরোধী টাস্কফোর্সের ওই অভিযানে মৎস্য অফিস, কোস্টগার্ড ও পুলিশ সদস্যরা অংশ নেন।
ইলিশ অভয়াশ্রম কর্মসূচির আওতায় মার্চ-এপ্রিল এই দুই মাস চাঁদপুরের মেঘনা নদীর ৬০ কিলোমিটার এলাকায় ইলিশসহ সব ধরনের মাছ শিকার নিষিদ্ধ করেছে সরকার।
