জাহাঙ্গীরনগরের বাসে অগ্নিসংযোগ
বিএনপি জোটের লাগাতার হরতাল-অবরোধের মধ্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ভেতরে একটি মিনিবাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
রোববার ভোর পৌনে ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্ত্বরে রাখা বাসটিতে অগ্নিসংযোগ হয় বলে বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
তবে ক্যাম্পাসের ভেতরে বিশ্ববিদ্যালয়ের বাসটিতে কারা আগুন দিয়েছে, তা জানা যায়নি।
আগুন দেখে ক্যাম্পাসে দায়িত্বরত নৈশ প্রহরীরা কিছুক্ষণের মধ্যে তা নেভায়। তবে তার আগে বাসের বেশিরভাগ অংশই পুড়ে যায়।
উপাচার্য বলেন, “বিশ্ববিদ্যালয়ের আর্থিক সীমাবদ্ধতার কারণে পর্যাপ্ত সংখ্যক যানবাহনের ব্যবস্থা করা সম্ভব হয় না। উপরন্তু এই গাড়ি পোড়ানোর কারণে আগামী ২৮ মার্চ অনুষ্ঠিতব্য প্রবেশিকা অনুষ্ঠানে অংশগ্রহণকারী নবাগত ছাত্র-ছাত্রীদের যাতায়াতের জন্য প্রয়োজনীয় গাড়ি আরও অপ্রতুল হয়ে গেল।”
এ ধরনের নাশকতাকারীদের বিষয়ে বিশ্ববিদ্যালয়ের দায়িত্বপ্রাপ্তদের সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
