২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চালককে হত্যা করে গাড়ি ছিনতাই, গ্রেপ্তার ২

চালককে হত্যা করে সরকারি প্রকল্পের গাড়ি ছিনতাইয়ের অভিযোগে রাজধানীর মিরপুর থেকে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Mar 2015, 02:44 PM

Updated : 12 Oct 2022, 03:28 PM

এরা হলেন- মোরশেদা আক্তার প্রিয়া (৩২) ও মেহেদী হাসান (৩৬)।  এদের মধ্যে মেহেদী রাজধানীর ক্যান্টনমেন্ট থানা এলাকায় ভাড়া বাসায় থাকেন।

রোববার পুলিশের গণমাধ্যম কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম জানান, শনিবার বেলা ৩টার দিকে মিরপুর ১ নম্বর সেকশনে নগরীর শাহআলী থানাধীন কাজি ফুড়ি এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

“গ্রেপ্তারের পর তাদের কাছ থেকে ছিনতাই হওয়া একটি কালো পাজেরো জিপ উদ্ধার করা হয়েছে, যেটি পরিকল্পনা মন্ত্রণালয়ের একটি প্রকল্পের কাজে ব্যবহার হত।”

চালক হত্যা করে গাড়ি ছিনতাইয়ের এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে আমির হোসেন নামের আরও একজনকে পুলিশ খুঁজছে বলেও সংবাদ সম্মেলনে জানান মনিরুল।

গত ১৬ মার্চ পরিকল্পনা মন্ত্রণালয়ের এসএমইসিআই প্রকল্পের একটি গাড়ি নিয়ে চালক টিপু সুলতান নিখোঁজ হন। পরদিন পরিকল্পনা মন্ত্রণালয়ের পরিচালক মো. হাবিুল ইসলাম এ বিষয়ে শেরে বাংলা নগর ও ঢাকা দারুস সালাম থানায় লিখিত অভিযোগ করেন।

ওইদিনই তুরাগ থানা এলাকার দিয়াবাড়ি থেকে পুলিশ টিপুর লাশ উদ্ধারে করে। ১৮ মার্চ টিপুর স্ত্রী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে তার লাশ শনাক্ত করেন।

মনিরুল ইসলাম বলেন, “১৬ মার্চ ক্যান্টনমেন্ট থানা এলাকায় বসবাসকারী মেহেদী পূর্ব পরিচিত গাড়িচালক টিপু সুলতানকে তার ভাড়া বাসায় আসতে অনুরোধ করে। এ সময় গ্রেপ্তার মোরশেদা প্রিয়া সেই বাসাতে উপস্থিত ছিলেন।

“গাড়ি নিয়ে টিপু সুলতান ওই বাসায় গেলে তারা টিপুকে কোকের সঙ্গে নেশা জাতীয় ওষুধ মিশিয়ে প্রায় অচেতন করে গাড়ি নিয়ে ঘুরতে বের হন। রাতে টিপু তার ঘুমঘুম লাগছে জানালে মেহেদী তাকে গাড়ির পেছনের আসনে বসায়। সারারাত তারা বিভিন্ন এলাকায় গাড়ি নিয়ে ঘোরাঘুরিও করে।”

১৭ মার্চ সকালের দিকে মেহেদী ও প্রিয়া ওই চালকের হাত-পা বেঁধে তুরাগ থানা এলাকার দিয়াবাড়িতে তাকে ফেলে দেয়। এরপর টিপুর মাথার ওপর দিয়ে গাড়িটি চালিয়ে তাকে হত্যা করে পালিয়ে যায় বলে জানান পুলিশ কর্মকর্তা মনিরুল।