২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কারসাজির পরিকল্পনা বাদ দিন: সিএমপি কমিশনার

সিটি করপোরেশন নির্বাচনে স্বস্তিকর পরিবেশে ভোট নিশ্চিতের আশ্বাস দিয়ে চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি) কমিশনার আবদুল জলিল মণ্ডল বলেছেন, এবারের ভোটে কারসাজির চিন্তা করে লাভ হবে না।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Mar 2015, 09:37 PM

Updated : 22 Aug 2022, 11:57 AM

শনিবার বাকলিয়া থানায় সংশ্লিষ্ট এলাকার সর্বস্তরের জনগণের সঙ্গ মতবিনিময় কালে তিনি এ কথা বলেন।

সিএমপি কমিশনার বলেন, “যারা কালো টাকায় ভোট কেনেন, কেন্দ্র দখল করেন, ব্যালট ছিনতাই করেন এবং বল প্রয়োগ করে নির্বাচিত হওয়ার চিন্তা করছেন, তারা সাবধান হয়ে যান।”

নির্বাচন কমিশনের নির্দেশনা যাবতীয় পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান তিনি।

ভোটারদের সৎ প্রার্থী নির্বাচনের পরামর্শ দিয়ে জলিল মণ্ডল বলেন, সৎপ্রার্থী নির্বাচিত হলে চট্টগ্রামের চেহারা পাল্টে যাবে।

বাকলিয়ার স্থানীয় একটি কনভেনশন সেন্টারে সিএমপি’র উপ-কমিশনার (দক্ষিণ) কামরুল আমীনের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন অতিরিক্ত কমিশনার (প্রশাসন) একেএম শহিদুর রহমান, অতিরিক্ত কমিশনার (অপরাধ) বনজ কুমার মজুমদার, বাকলিয়া থানার ওসি মোহাম্মদ মহসিন।

এছাড়া স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর, প্রাক্তন কাউন্সিলর, সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী, স্থানীয় রাজনৈতিক নেতাসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষজন এ সময় উপস্থিত ছিলেন।