২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদপুরে এক বাড়ির ৪ ঘরে ডাকাতি

চাঁদপুরের কচুয়ায় এক বাড়িতে হানা দিয়ে চার পরিবারের টাকা ও স্বর্ণালংকারসহ মালামাল লুটে নিয়ে গেছে এক দল ডাকাত।

চাঁদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Mar 2015, 06:46 PM

Updated : 22 Aug 2022, 11:57 AM

কচুয়া থানার ওসি মোহাম্মদ ইব্রাহিম খলিল জানান, শুক্রবার মধ্যরাতে উপজেলার দোয়াটি গ্রামে স্বপন মজুমদার নামে এক চিকিৎসকের বাড়িতে হানা দেয় দুর্বৃত্তরা।

এ সময় ডাকাতদের হামলায় তার স্ত্রী ভগবতি রানী মজুমদার আহত হয়ে প্রাথমিক চিকিৎসা নেন।

ক্ষতিগ্রস্তদের বরাত দিয়ে ওসি ইব্রাহিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ১৫/২০ জন ডাকাতের একটি দল ওই বাড়ির স্বপন মজুমদার এবং তার তিন ভাই তপন মজুমদার, গৌতম মজুমদার ও রাজকুমার মজুমদারের ঘরের লোকজনদের অস্ত্রের মুখে হাত-পা বেঁধে জিম্মি করে।

“এরপর ৩৫ ভরি গহনা, প্রায় দুই লাখ টাকা, একটি ল্যাপটপ, ১৩টি মোবাইল ফোনসহ বিভিন্ন মালামাল লুটে নিয়ে পালিয়ে যায়।”

শনিবার সকালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করলেও এখনও কাউকে গ্রেপ্তার করতে পারেনি।