সাতকানিয়ায় অস্ত্রসহ দুজন গ্রেপ্তার
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার মধ্যম কাঞ্চনায় অভিযান চালিয়ে অস্ত্র ও গুলিসহ দুজনকে গ্রেপ্তার করেছে র্যাব।
শনিবার ভোরের এ অভিযানে গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- হেলাল উদ্দিন (২২) ও মো. খোরশেদ (২১)। দুজনই সাতকানিয়ার মধ্যম কাঞ্চনার কবির বাড়ী এলাকার বাসিন্দা।
র্যাব-৭ এর সহকারী পরিচালক এএসপি সোহেল মাহমুদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, অভিযানে দুটি এসবিবিএল, দুটি ত্রি কোয়ার্টার গান, একে-২২ এর একটি ম্যাগজিন, ৪৫ রাউন্ড শটগানের গুলি এবং ১৩ রাউন্ড একে-২২ এর গুলি পাওয়া যায়।
গ্রেপ্তার দুজন সাতকানিয়াসহ জেলার বিভিন্ন স্থানে এসব অস্ত্র দিয়ে বিভিন্ন ধরনের সন্ত্রাসী কার্যক্রম চালাত বলে র্যাবের কাছে স্বীকার করেছেন।
