সিলেটে চিকিৎসকের বাসায় গৃহকর্মীর ঝুলন্ত লাশ
সিলেট শহরে এক চিকিৎসকের বাসা থেকে গৃহকর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
কোতয়ালি থানার এসআই রবিউল হক মাসুম জানান, শনিবার দুপুরে নগরীর আখালিয়া তপোবন আবাসিক এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত সোনিয়া ওরফে সুফিয়া (১৬) সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞ এস এম আই এইচ জালালীর বাসার গৃহকর্মীর ছিলেন। নেত্রকোণার কালিয়াজুড়ি উপজেলার বল্লি গ্রামে তার বাড়ি।
এসআই রবিউল বলেন, “দুপুরের দিকে খবর পেয়ে ওই চিকিৎসকের বাসা থেকে সুফিয়ার ঝুলন্ত লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।
যে কক্ষ থেকে লাশ উদ্ধার করা হয়েছে তা ভেতর থেকে বন্ধ ছিল। দরজা ভেঙে ফ্যানের সঙ্গে ঝুলন্ত লাশ পাওয়া গেছে।”
ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে এসআই রবিউল জানান।
