২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ধলেশ্বরীতে সিমেন্টবোঝাই ট্রলার ডুবে শ্রমিক নিহত

মুন্সীগঞ্জ শহরের উপকণ্ঠে ধলেশ্বরী নদীতে সিমেন্টবোঝাই একটি ট্রলারডুবির পর এক শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মুন্সীগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Mar 2015, 04:03 PM

Updated : 22 Aug 2022, 11:57 AM

নিহত সেলিম মিয়া (২৫) নেত্রকোণার মোহনগঞ্জ উপজেলার সমপুর গ্রামের দারদ আলীর ছেলে।

মুক্তারপুর নৌ-ফাঁড়ির এসআই মোশারফ হোসেন জানান, শনিবার ভোরে মুক্তারপুর এলাকার কাছে ধলেশ্বরীতে সিমেন্টবোঝাই ট্রলারটি ডুবে যায়।

এ ঘটনায় নিখোঁজ শ্রমিক সেলিমের লাশ দুপুরের দিকে নদীতে ভেসে উঠলে পুলিশ গিয়ে উদ্ধার করে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে এসআই বলেন, ভোরে মুক্তারপুর এলাকার কাছে নদীতে শাহ-সিমেন্ট কারখানার জেটিতে নোঙর করা একটি ট্রলারে সিমেন্ট বোঝাই করা হচ্ছিল। প্রায় এক হাজার বস্তা সিমেন্ট বোঝাই করার পর ট্রলারটি হঠাৎ একদিকে কাত হয়ে ডুবে যায়।

“এ সময় ট্রলারের লোকজন ও অন্য শ্রমিকরা সাঁতরে তীরে ওঠতে পারলেও সেলিম নিখোঁজ থাকেন। পরে দুপুরের দিকে তার লাশ নদীতে ভেসে উঠে।”

ডুবে যাওয়া ট্রলারটি উদ্ধারের চেষ্টা চলছে বলে জানান পুলিশ সদস্য মোশারফ।