২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লক্ষ্মীপুরে ‘বন্দুকযুদ্ধে’ যুবদল-যুবলীগের দুজন গুলিবিদ্ধ

লক্ষ্মীপুরে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে দুজন গুলিবিদ্ধ হয়েছেন, যারা সন্ত্রাসী দলের সদস্য বলে জেলা পুলিশের শীর্ষ কর্মকর্তা বলছেন।

লক্ষ্মীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Mar 2015, 09:25 AM

Updated : 22 Aug 2022, 11:57 AM

তবে তাদের একজন যুবদলের নেতা এবং অন্যতম যুবলীগ কর্মী বলে সংগঠন দুটির নেতারা জানিয়েছেন।

লক্ষ্মীপুরের পুলিশ সুপার শাহ মিজান শাফিউর রহমান বলেন, শনিবার রাতে সদর উপজেলার বশিকপুর ইউনিয়নের বালাইশপুর গ্রামে ‘বন্দুকযুদ্ধে’ কিরন হোসেন ও মাহিদুল ইসলাম গুলিবিদ্ধ হন।

এ সময় পুলিশের তিন সদস্য- শরীফ হোসেন, ইব্রাহীম ও নাজমুল আহত হন বলেও  জানান তিনি।

ঘটনাস্থল থেকে একটি আগ্নেয়াস্ত্র ও পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে দাবি পুলিশের।

আহত সবাইকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এসপি মিজান বলেন, “পুলিশের একটি দল আসামি ধরতে রাত ১টার দিকে বালাইশপুর গ্রামে গেলে পুলিশকে লক্ষ্য করে সন্ত্রাসীরা এলোপাতালি গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছোড়ে।

“উভয়পক্ষের মধ্যে প্রায় ৩০ রাউন্ড গুলি বিনিময় হয়। অন্যরা পালিয়ে গেলেও কিরন ও রুবেল গুলিবিদ্ধ হন।”

তবে সদর উপজেলা যুবদলের ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক কিরনকে  দক্ষিণ হামসাদি গ্রামে নিজেদের বাড়ি থেকে পুলিশ ধরে নিয়ে যায় বলে সংগঠনের এক নেতা জানিয়েছেন।

বিএনপির সহযোগী এই সংগঠনের উপজেলা কমিটির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শুক্রবার জুমার নামাজের পর বাড়ি থেকে কিরনকে ধরে নেওয়া হয়েছে।

আর গুলিবিদ্ধ মাহিদুল চন্দ্রগঞ্জ থানার চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবলীগের কর্মী বলে থানা যুবলীগ সভাপতি মো. ইব্রাহিম জানিয়েছেন।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাহিদুল বর্তমানে যুবলীগের সঙ্গে সম্পৃক্ত ছিলেন।

“শুক্রবার রাত ১০টার দিকে চন্দ্রগঞ্জ বাজার থেকে তাকে ধরে নিয়ে যায় পুলিশ।”

কিরণ ও মাহিদুলের বিরুদ্ধে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগে একাধিক মামলা রয়েছে বলে জেলা পুলিশের শীর্ষ কর্মকর্তা মিজান জানিয়েছেন।