গান শুনতে শুনতে ট্রেনের নীচে, যুবক নিহত
গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় কানে হেডফোন লাগিয়ে গান শুনতে শুনতে ট্রেনে কাটা পড়ে নিহত হয়েছেন এক যুবক।
নিহত মুজিবুল হোসেন (৩০) ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার সাকেরদা চাঁদপুরের আবুল হোসেনের ছেলে।
জয়দেবপুর রেলওয়ে জংশন পুলিশ ফাঁড়ির ইনচার্জ এএসআই দাদন মিয়া জানান, বিকাল সাড়ে ৪টার দিকে কানে হেডফোন লাগিয়ে গান শুনতে শুনতে ঢাকা-রাজশাহী রেললাইন ধরে হাঁটছিলেন তিনি।
পাকার মাথা এলাকায় পেছন দিক থেকে আসা রাজশাহীগামী চাঁপাই এক্সপ্রেস ট্রেনে কাটা পড়েন তিনি।
এতে তার দেহ ছিন্নভিন্ন হয়ে ঘটনাস্থলেই মারা যান মুজিবুল।
দাদন জানান, সন্ধ্যায় পুলিশ লাশ উদ্ধার করে। তবে, আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়া লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
তিনি কালিয়াকৈর উপজেলার রাখালিয়া চালা এলাকায় থেকে ট্রাক চালকের সহকারী হিসেবে কাজ করতেন বলে স্থানীয়রা পুলিশকে জানিয়েছে, বলেন এএসআই দাদন।
