লক্ষ্মীপুরে ১২ ঘর ভস্মীভূত, আহত ২
লক্ষ্মীপুর সদর উপজেলায় অগ্নিকাণ্ডে ১২টি ঘর পুড়ে গেছে। এ সময় আগুন নেভাতে গিয়ে আহত হন দুজন।
ফায়ার সার্ভিসের লক্ষ্মীপুর স্টেশন কর্মকর্তা মোহাম্মদ সালাহ উদ্দিন জানান, শুক্রবার দুপুর দেড়টার দিকে দত্তপাড়া ইউনিয়নের পশ্চিম বটতলী গ্রামের ইমান আলী ব্যাপারির বাড়ি থেকে আগুনের সূত্রপাত হয়ে আশপাশে ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসকর্মীরা গিয়ে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
আহত আবুল খায়ের ও মনোয়ারা বেগমকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
স্থানীয়দের বরাত দিয়ে অগ্নিনির্বাপক কর্মকর্তা জানান, ইমান আলী ব্যাপারি বাড়ির বেল্লালের ঘর থেকে আগুনের সূত্রপাত হয়ে একের পর এক ঘরে ছড়িয়ে পড়ে। এ সময় ওই বাড়ির সেলিম, নূরুল আমিন, হাকিম, দুলাল ও ছিদ্দিকের ছয়টি বসতঘর, ছয়টি রান্নাঘর এবং আসবাবপত্রসহ বিভিন্ন মালামাল পুড়ে যায়।
বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে ক্ষয়ক্ষতির আর্থিক পরিমাণ তাৎক্ষণিকভাবে নিরুপণ করা যায়নি বলে জানান এই অগ্নিনির্বাপণ কর্মকর্তা।
