কাপাসিয়ায় স্কুলছাত্রী খুন, ফুফু আহত
গাজীপুরের কাপাসিয়ায় দুর্বৃত্তের হামলায় এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে, আহত হয়েছেন তার ফুফু।
বৃহস্পতিবার রাতে চাঁদপুর ইউনিয়নের জায়গীর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত মাহফুজা আক্তার (১২) জায়গীর গ্রামের কবির হোসেনের মেয়ে এবং স্থানীয় চাঁদপুর উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী।
মাহফুজার ফুফু রিনা আক্তারকে (২৫) গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মাহফুজার ফুফার দাবি, মাহফুজাকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে।
তবে, তদন্তের আগে পুলিশ এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি।
মাহফুজার চাচা সাইফুল ইসলাম সাংবাদিকদের জানান, রিনা আক্তার বৃহস্পতিবার রাতে নিজ ঘরে তার চাচাতো ভাতিজি মাহফুজাকে নিয়ে ঘুমাতে যান।
গভীর রাতে তাদের চিৎকারে লোকজন গিয়ে দেখে দুর্বৃত্তরা টিনশেডের ওই ঘরে ঢুকে রিনা ও মাহফুজাকে কুপিয়ে ফেলে রেখে গেছে।
তাদের কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মাহফুজাকে মৃত ঘোষণা করেন।
রিনাকে সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান সাইফুল।
রিনার স্বামী আবুল খায়ের খান জানান, তিনি ওইদিন বাড়ি না থাকায় নিরাপত্তার কথা ভেবে রাত রিনা পাশের বাড়ির চাচাত ভাতিজি মাহফুজাকে সঙ্গে রাখেন।
আবুল খায়ের দাবি করেন, মাহফুজাকে ধর্ষণের পর তাকে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় রিনা ও মাহফুজা ধর্ষণকারীদের চিনে ফেলায় তাদের কুপিয়েছে। পরে তারা মারা গেছে ভেবে ফেলে রেখে পালিয়ে যায়।
এ ব্যাপারে কাপাসিয়া থানার ওসি আহসান উল্লাহ বলেন, কাপাসিয়া থানা পুলিশ ঘটনাস্থলে গেছে। ঘটনার রাতে তাদের ঘরের দরজা খোলা ছিল বলে জানা যায়।
পুলিশ ওই ঘর থেকে ব্যবহৃত কনডমসহ বিভিন্ন আলামত উদ্ধার করেছে।
তবে, হতাহতরা ধর্ষণের শিকার কি না তা ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার আগে বলা যাবে না।
লাশ ময়নাতদন্তের জন্য গাজীপুরে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।
ওসি আরও জানান, ঘটনার রাতে রিনার স্বামী আবুল খায়ের বাড়ি ছিলেন না। তিনি গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা ছাতির বাজার এলাকায় এক পোশাক কারখানায় কাজ করেন।
