২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিটি নির্বাচনে প্রথম দিনে ঢাকায় ১টি মনোনয়নপত্র সংগ্রহ

তিন সিটি করপোরেশনের নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহের প্রথম দিনে মাত্র একজন প্রার্থী ফরম কিনেছেন, তাও কাউন্সিলর পদের জন্য।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Mar 2015, 11:48 PM

Updated : 12 Oct 2022, 03:27 PM

নির্বাচন কর্মকর্তারা জানান, বৃহস্পতির মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়ার প্রথম দিনে ঢাকা উত্তর সিটি করপোরেশনে কাউন্সিলর পদে মাত্র একটি মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে।

তারা জানান, বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশ-ভারত কোয়ার্টার ফাইনাল ম্যাচ থাকায় প্রথম দিনে মনোনয়ন সংগ্রহ নিয়ে প্রার্থীদের উৎসাহ কম ছিল। এছাড়া ২০০২ সালের পর দীর্ঘদিন নির্বাচন না থাকায় বেশি ভাগ প্রার্থীই  সংস্কার করা নির্বাচনী নিয়মকানুন জানতে এসেছিলেন।

এদিকে নির্বাচন কমিশনের বেঁধে দেওয়ার সময়ের আগে ঢাকা মহানগরের অন্তত ৮০ শতাংশ আগাম প্রচারণামূলক পোস্টার-বিলবোর্ড অপসারণ হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট দুই রিটার্নিং কর্মকর্তা।

এছাড়া শুক্রবার মধ্যরাতের মধ্যে স্ব-উদ্যোগে প্রচারণা ও শুভেচ্ছামূলক বাকি পোস্টার অপসারণ এবং দেয়াল লিখন মুছে ফেলার বিষয়ে ব্যবস্থা নিতে সিটি করপোরেশন ও ঢাকা মেট্রোপলিটন পুলিশকে অনুরোধ জানানো হয়েছে।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের রিটার্নিং কর্মকর্তা মো. শাহ আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পুরো নির্বাচনী এলাকায় আগাম প্রচারণামূলক পোস্টার-ব্যানার-বিলবোর্ড-দেয়াল লিখন রয়েছে কিনা তা তদারক করা হয়েছে। ইতোমধ্যে অন্তত ৮০ শতাংশ অপসারণ হয়েছে।

“শুক্রবার রাত ১২ টার মধ্যে অপসারণ না হলে সংশ্লিষ্ট বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ইতোমধ্যে এ কাজে সহায়তার জন্যে সিটি করপোরেশন ও পুলিশ কমিশনারকে অনুরোধ জানানো হয়েছে।”

এ সিটি করপোরেশনে প্রথম দিনে কাউন্সিল পদপ্রার্থী মাত্র একজন মনোনয়নপত্র সংগ্রহ করেছে বলে জানান তিনি।

উত্তরে রিটার্নিং কর্মকর্তার সঙ্গে ১২ জন সহকারি রিটার্নিং কর্মকর্তা রয়েছে। পশ্চিম আগারগাঁওয়ের জেলা নির্বাচন অফিসেই রিটার্নিং কর্মকর্তার কার‌্যালয় করা হয়েছে।

এ নগরের মেয়র পদ ছাড়াও ৩৬টি সাধারণ ও ১২টি সংরক্ষিত ওয়ার্ডে কাউন্সিলর পদে মনোনয়ন নেবে প্রার্থীরা।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের রিটার্নিং কর্মকর্তা মিহির সারওয়ার মোর্শেদ জানান, এ এলাকায়ও প্রায় ৭০-৮০ শতাংশ আগাম প্রচারের পোস্টার সরিয়ে নেওয়া হয়েছে।

Image
ছবি: আসাদুজ্জামান প্রামানিক/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ছবি: আসাদুজ্জামান প্রামানিক/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

“রাত ১০ টা পর্যন্ত আমি ও সহকারি রিটার্নিং কর্মকর্তারা এলাকার পরিদর্শন করেছি। অধিকাংশ এলাকা পরিস্কার হয়েছে। তারপরও অলিগলিতে যা রয়েছে শুক্রবারের মধ্যে অপসারণ নিশ্চিত হতে হবে।”

সংশ্লিষ্টদের এ বিষয়ে ব্যবস্থা নিতে নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান তিনি।

দক্ষিণে কেউ মনোনয়নপত্র সংগ্রহ না করলেও মেয়র ও কাউন্সিলর পদে ভোটার তালিকার সিডি সংগ্রহ, জামানত, ব্যাংক হিসাব খোলা, টিআইএন নম্বর নেওয়া, নির্বাচনী ব্যয় ও ব্যক্তিগত ব্যয়সহ নানা বিষয়ে জানতে এসেছিলেন সম্ভাব্য প্রার্থী ও তাদের প্রতিনিধিরা।

ঢাকা মহানগর নাট্যমঞ্চ ও সেগুনবাগিচাস্থ আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার‌্যালয় রিটার্নিং অফিসারের কার‌্যালয় হিসেবে ব্যবহার করা হচ্ছে। তাকে সহায়তার জন্য ১৯ জন সহকারি রিটার্নিং কর্মকর্তা রয়েছেন।

দক্ষিণে মেয়র পদ ছাড়াও ৫৭টি সাধারণ ও ১৯টি সংরক্ষিত ওয়ার্ডে কাউন্সিলর পদে মনোনয়ন নেবে প্রার্থীরা।

ঘোষিত তফসিল অনুযায়ী, ২৯ মার্চ মনোনয়ন দাখিলের শেষ দিন, ১ ও ২ এপ্রিল বাছাই এবং ৯ এপ্রিল প্রত্যাহারের শেষ দিন।

ঢাকা ও চট্টগ্রামের তিন নগরে ভোট হবে ২৮ এপ্রিল।