২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আম্পায়ারের কুশপুতুল পুড়িয়ে প্রতিবাদ

কোয়ার্টার ফাইনালে ভারতের কাছে হেরে বাংলাদেশের বিশ্বকাপ মিশন শেষ হওয়ার জন্য আম্পায়ারদের বিতর্কিত সিদ্ধান্তকে দায়ী করে তাদের কুশপুতুল পুড়িয়েছে বিক্ষুব্ধ টাইগার সমর্থকরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Mar 2015, 07:46 PM

Updated : 12 Oct 2022, 03:27 PM

পুরনো খবর:

'বলটি কোনোভাবেই নো ছিল না'
রুবেলকে 'নো' ডাকায় আম্পায়ারদের সমালোচনা
'অদ্ভুত' নো বলে উইকেট-বঞ্চিত রুবেল!

বৃহস্পতিবার মেলবোর্নে খেলা শেষ হওয়ার পরপরই রাজধানী ঢাকাসহ বাংলাদেশের বিভিন্ন স্থানে বিক্ষোভে নামে সমর্থকরা। তাতে দুই আম্পায়ার আলিম দার ও ইয়ান গৌল্ডের বিরুদ্ধে স্লোগান ওঠে।

বিশ্বকাপের এই সময়ে অস্ট্রেলিয়ায় থাকা আইসিসির প্রেসিডেন্ট ও বাংলাদেশের পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামালও আম্পায়ারিং নিয়ে প্রশ্ন তুলেছেন।

খেলা চলার মধ্যে ক্রীড়া ভাষ্যকাররাও আম্পায়ারদের দুটি সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তোলেন।

একটি রোহিত শর্মাকে করা রুবেল হাসানের বলকে ‘নো বল’ কল করা, রোহিতের ব্যাট থেকে যাওয়া যে বলটি তালুবন্দি করেছিলেন বাংলাদেশের ফিল্ডার।

আরেকটি আগের দুই ম্যাচের সেঞ্চুরিয়ান মাহমুদুল্লাহ রিয়াদকে আউট দেওয়া, যা লাইনের ওপর দাঁড়িয়ে ভারতীয় খেলোয়াড় তালুবন্দি করেছিলেন বলে দাবি উঠেছে।

প্রথমবারের মতো কোয়ার্টার ফাইনালে ওঠা বাংলাদেশের খেলা দেখতে সকাল থেকে ভিড় ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন এবং হলের কমনরুমগুলো।

খেলায় বাংলাদেশের ১০৯ রানে হারার পরপরই বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বিভিন্ন হল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে টিএসসির রাজু ভাস্কর্যে জড়ো হয়।

সেখানে মিছিল-স্লোগানের পর পাকিস্তানি আম্পায়ার আলিম দারের কুশপুতুলে আগুন দেয় বিক্ষুব্ধ ছাত্ররা। এরপর ক্যাম্পাসে ফের মিছিল করে তারা।

আম্পায়ারের ‘ভুল’ সিদ্ধান্তে ক্ষুব্ধ আরমান খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “নো বল হয়নি, তবুও আম্পায়াররা সেই বলটাকে নো বল দিয়েছে। এর মাধ্যমে বাংলাদেশ দলের মনোবল ভেঙে দিয়েছে। এই আম্পায়ারের বিরুদ্ধে আইসিসির ব্যবস্থা নিতে হবে।”

সামিউল হক নামে আরেক শিক্ষার্থী বলেন, “আমরা প্রথমেই বুঝতে পারছিলাম, বাংলাদেশের ম্যাচ ঘিরে ষড়যন্ত্র হচ্ছে।

“প্রথম যখন দেখলাম, ভারত তাদের ইচ্ছেমতো ভেন্যু পরিবর্তন করে। দ্বিতীয় যখন দেখলাম, রুবেলের বলকে নো বল দেয়। তৃতীয় যখন দেখলাম, মাহমুদুল্লাহর ব্যাটে ছয় হয়েছিল কিন্তু তাকে আউট দেয়।”

আম্পায়াররা ভারতের পক্ষে ছিলেন দাবি করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আইসিসির প্রতি আহ্বান জানান তিনি।

Image
বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ভারতের সঙ্গে বাংলাদেশের হারের জন্য আম্পায়ারদের ভুল সিদ্ধান্তকে দায়ী করে বৃহস্পতিবার খেলা শেষে তাদের কুশপুতুল ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পোড়ায় টাইগার সমর্থকরা। ছবি: নয়ন কুমার/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ভারতের সঙ্গে বাংলাদেশের হারের জন্য আম্পায়ারদের ভুল সিদ্ধান্তকে দায়ী করে বৃহস্পতিবার খেলা শেষে তাদের কুশপুতুল ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পোড়ায় টাইগার সমর্থকরা। ছবি: নয়ন কুমার/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

শাহীন হোসেন নামে আরেক ছাত্র বলেন, “সব দিকের মতো আমাদের ক্রিকেটও উন্নতি ঘটেছে। এটা তিন মোড়লের চোখের সহনশীন হচ্ছিল না, তাই বাংলাদেশের বিশ্বকাপ জয়ে স্বপ্নকে ভেঙে দিতেই এই আম্পায়ারিংরের ষড়যন্ত্র করেছে।”

এই খেলা নিয়ে আপিল করতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রতি দাবি জানান তিনি।

আম্পায়ারের সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়ে গণজাগরণ মঞ্চও মিছিল করেছে। মিছিলটি শাহবাগের জাদুঘরে সামনে থেকে শুরু হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে হয়ে শাহবাগে ফিরে আসে।

আইসিসি প্রেসিডেন্ট মুস্তফা কামাল আম্পায়ারিংয় নিয়ে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থার আগামী বৈঠকে তুলবেন বলে মেলবোর্নে বাংলাদেশের সাংবাদিকদের জানিয়েছেন। তিনি

“মেলবোর্নে যা দেখলাম, এটা আইসিসি না, ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল। আমি ইন্ডিয়ার ক্রিকেট কাউন্সিলকে রিপ্রেজেন্ট করতে পারব না। যা বলার আমি বলব, নেক্সট মিটিংয়ে, এমনও হতে পারে আমি রিজাইন করব।”