২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিদ্যালয় ভবনে ফাটল, গাছতলায় পাঠদান

রংপুরের বদরগঞ্জ উপজেলায় নেহার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের পাঠদান চলছে আকাশের নিচে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

শাহজাদা মিয়া আজাদ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Mar 2015, 09:55 PM

Updated : 22 Aug 2022, 11:55 AM

মেঘ দেখা দিলে কিংবা জোরে বাতাস শুরু হলেই ছুটি দেওয়া হয় শিক্ষার্থীদের।

ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আট মাস আগে বিদ্যালয়টি পরিদর্শন করে ভবনটি ‘ঝুঁকিপূর্ণ’ ঘোষণা করলেও এখনও ভবনটি সংস্কার বা পুনঃনির্মাণের বিষয়ে কোনো উদ্যোগ নেওয়া হয়নি বলে জানান বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহমুদা খাতুন।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ১৯৬৮ সালে প্রতিষ্ঠিত বিদ্যালয়টির নতুন ভবন নির্মাণ করা হয় ১৯৯৪ সালে। বিদ্যালয়টিতে প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত ৩০০ শিক্ষার্থী অধ্যয়ন করছে। প্রতিদিন দুই শিফটে পাঠদান করা হয়।

গত বছরের অগাস্টে ভবনটিতে ফাটল দেখা দেওয়ার পর তৎকালীন উপজেলা প্রকৌশলী বিদ্যালয় পরিদর্শন করে ভবনটিকে ‘ঝুঁকিপূর্ণ’ ঘোষণা করেন।

গত ৮ মার্চ ক্লাস নেওয়ার সময় হঠাৎ ছাদের পলেস্তারা খসে পড়ে। তাৎক্ষণিক শিক্ষার্থীদের ক্লাস থেকে বের করে আনা হয়। এরপর থেকে শিক্ষার্থীদের গাছতলায় পাঠদান করানো হচ্ছে বলে জানান মাহমুদা খাতুন।

পঞ্চম শ্রেণির শিক্ষার্থী আকলিমা বেগম বলে, “আকাশের নিচে ক্লাস করতে ভালো লাগছে না। একটু বাতাস হলে মাঠের ধূলাবালি গায়ে এসে পড়ে।” 

আরেক শিক্ষার্থী রাসেল আহমেদ বলে, গত বুধবার প্রথম ঘণ্টার পর আকাশে মেঘ দেখা দিলে স্কুল ছুটি দেওয়া হয়।

বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি জাহিদুল হক চৌধুরী বলেন, আট মাস আগে ঝুঁকিপূর্ণ ওই ভবনের বিষয়টি লিখিতভাবে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে, তবে এখনও কোনো সাড়া মেলেনি।

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মহিউদ্দিন আহম্মেদ বলেন, “গত ৮ মার্চ প্রধান শিক্ষক অফিসে এসে আমাকে বিষয়টি জানিয়েছেন। পরে বিদ্যালয় পরিদর্শন করে বিষয়টি জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে জানিয়েছি।”  

রংপুর জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা খলিলুর রহমান বলেন, “বিষয়টি জানার পর দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য প্রাথমিক শিক্ষা অধিদপ্তর রংপুর বিভাগীয় উপ-পরিচালকের দপ্তরে চিঠি দিয়েছি। তিনিই ব্যবস্থা নেবেন।”