২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্যাগে শিশুর লাশ: এক নারী আটক

ঢাকায় বাসে ব্যাগের মধ্যে শিশুর লাশ উদ্ধারের ঘটনায় এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Mar 2015, 07:34 PM

Updated : 22 Aug 2022, 11:55 AM

বুধবার দুপুরে গাজীপুর নগরীর ডেগেরচালা এলাকা থেকেই ওই রানীকে (৩০) গ্রেপ্তার করে পুলিশ। ইতিপূর্বে এ ঘটনায় গ্রেপ্তার শাকিল মোল্লা (১৯) এ নারীর প্রেমিক বলে দাবি করছে পুলিশ।

গত সোমবার রাজধানীর কাকলী এলাকায় দেশবাংলা পরিবহনের একটি বাসে ব্যাগের ভেতর শিশু শহিদুল ইসলাম ইমনের (৬) লাশ পাওয়া যায়। 

ওই ঘটনায় এর আগে শাকিল মোল্লাকে গ্রেপ্তার করে জয়দেবপুর থানা পুলিশ।

জয়দেবপুর থানার ওসি খন্দকার রেজাউল হাসান রেজা জানান, মঙ্গলবার দুপুরে গাজীপুর নগরীর মাগরখাল এলাকার আনোয়ার হোসেনের ছেলে শাকিল মোল্লাকে গ্রেপ্তার করা হয়।

শাকিলের দেওয়া তথ্যমতে বুধবার দুপুরে এ নারীকে (পরিচয় প্রকাশ করা হলো না) আটক করা হয়। মহিলাটি ইমনকে হত্যার কথা স্বীকার করেছেন বলে ওসি জানিয়েছেন।

ওই নারীর বক্তব্যের বরাত দিয়ে ওসি জানান, শাকিল মোল্লার সঙ্গে মহিলার পরকীয়া প্রেমের সম্পর্ক ছিল। ইমনের স্কুলে মহিলাটির সন্তানও লেখাপড়া করে।

এক বছর আগে সন্তানকে স্কুলে আনা-নেওয়ার পথে শাকিলের সঙ্গে তার পরিচায় ও প্রেম হয়।

তারা দুজন পালিয়ে বিয়ে করার জন্য টাকা সংগ্রহ করতে রোববার (১৫ মার্চ) শিশু ইমনকে অপহরণ করে। পরে ইমনকে ওই নারীর বাড়িতে রেখে তারা ইমনের বাবার কাছে দুই লাখ টাকা মুক্তিপণ দাবি করে।

এ পর্যায়ে তারা ইমনকে হত্যা করে ব্যাগে ভরে বাসে লাশ ফেলে গা ঢাকা দেয়, বলেন ওসি।

গত রোববার (১৫ মার্চ) বিকালে বাড়ি থেকে ইমন নিখোঁজ হয়। পরদিন সন্ধ্যায় ঢাকার কাকলী এলাকায় দেশবাংলা পরিবহনের একটি বাসে ব্যাগের ভেতর ইমনের লাশ পাওয়া যায়।

মঙ্গলবার তার স্বজনরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে ইমনের লাশ সনাক্ত করেন।