২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মামলাজট কমাতে আলাদা তদন্ত সংস্থার সুপারিশ

নানাভাবে চেষ্টা করেও আদালতের মামলাজট কমানো সম্ভব না হওয়ায় ফৌজদারি মামলার জন্য আলাদা ‘তদন্ত সংস্থা’ গঠনের পক্ষে মত দিয়েছে আইন মন্ত্রণালয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Mar 2015, 06:53 PM

Updated : 22 Aug 2022, 11:55 AM

মন্ত্রণালয় বলছে, থানার বিভিন্ন দায়িত্ব পালনের ব্যস্ততার কারণে পুলিশ কর্মকর্তাদের পক্ষে নির্ধারিত সময়ে তদন্ত শেষ করা সম্ভব হয় না। ফলে মামলার বিচারে বিলম্ব হয়। ‘দায়সারাভাবে ত্রুটিপূর্ণ’ তদন্ত প্রতিবেদন দাখিলের কারণে অপরাধীরা খালাস পেয়ে যায়।

“এ অবস্থায়, ফৌজদারি মামলাগুলোর সুষ্ঠু তদন্তের স্বার্থে একটি পৃথক স্থায়ী তদন্ত সংস্থা গঠন করা আবশ্যক”, বলা হয়েছে আইন মন্ত্রণালয়ের এক প্রতিবেদনে।  

বুধবার আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এ প্রতিবেদন উপস্থাপন করা হয়।

বিচারাধীন মামলার জট কমাতে সংসদীয় কমিটির আগের সুপারিশ এবং আইন কমিশনের সুপারিশের সমন্বয় করে আইন মন্ত্রণালয়কে এই প্রতিবেদন তৈরি করতে বলা হয়েছিল। প্রতিদেনের একটি অনুলিপি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের হাতে এসেছে।

কমিটির সভাপতি সুরঞ্জিত সেনগুপ্ত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “প্রতিবেদনটি আমাদের হাতে এসেছে। আজকের বৈঠকে আইনমন্ত্রী আসেননি। তার উপস্থিতিতে বিষয়টি নিয়ে আলোচনা করে গণমাধ্যমকে জানানো হবে।”

জাতীয় সংসদে আইনমন্ত্রী আনিসুল হকের দেওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, ২০১৪ সালের সেপ্টেম্বর পর্যন্ত দেশের সব আদালতে নিষ্পত্তির অপেক্ষায় ছিল ২৮ লাখ ৬১ হাজার ৩টি মামলা।

এর মধ্যে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে ১৪ হাজার ৮৩৭টি এবং  হাই কোর্ট বিভাগে ৩ লাখ ৫০ হাজার ২২২টি মামলা বিচারাধীন। আর জেলা ও দায়রা জজ আদালতে ৯ লাখ ৮৭ হাজার ৪৩৭টি মামলা নিষ্পত্তির অপেক্ষায়।

মামলাজট কমাতে এর আগে গত বছরের ২৬ জুন সংসদীয় কমিটিতে সুপারিশসহ একটি প্রতিবেদন দেয় আইন কমিশন। ওই বৈঠকে মামলা দ্রুত নিস্পত্তিসহ জট কমানোর বিষয়ে আইন কমিশনের চেয়ারম্যানের সুপারিশগুলো বাস্তবায়নের জন্য মন্ত্রণালয়কে যথাযথ ব্যবস্থা নেওয়ার পরামর্শ দেওয়া হয়।

সেসব সুপারিশের সমন্বয় করে ‘দুই ধাপে বাস্তবায়নযোগ্য’ এই প্রতিবেদন তৈরি করেছে মন্ত্রণালয়। এর মধ্যে একটি ধাপে দ্রুত বাস্তবায়নযোগ্য সুপারিশগুলো রাখা হয়েছে। অন্য সুপারিশগুলো পর্যায়ক্রমে বাস্তবায়নযোগ্য। পৃথক তদন্ত সংস্থা গঠনের সুপারিশটি এসেছে দ্বিতীয় ধাপে।

ফৌজদারী মামলা তদন্তের জন্য বিভিন্ন দেশে স্বতন্ত্র তদন্ত সংস্থা রয়েছে, যারা প্রচলিত আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে কাজ করে না।

যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশনও (এফবিআই) এ ধরনের একটি তদন্ত সংস্থা। এফবিআই ২০০ ধরনের ফৌজদারি অপরাধের তদন্তের দায়িত্ব ছাড়াও অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা হিসাবে কাজ করে।

মামলাজট কমাতে বিচারকদের দায়িত্বশীলতা নিশ্চিত করার ওপর জোর দিয়ে মন্ত্রণালয়ের প্রতিবেদনে বলা হয়েছে, “সপ্তাহের প্রতি কার্যদিবসে বিচারকদের সঠিক সময়ে তথা সকাল ৯.৩০ থেকে ৪.৩০ পর্যন্ত এজলাসে বিচার কাজ পরিচালনা নিশ্চিত ও সার্বক্ষণিক কর্মস্থলে অবস্থান নিশ্চিত করতে হবে।”

এছাড়া পুরনো মামলাগুলোর তালিকা করে অগ্রাধিকার ভিত্তিতে কোনো রকম মুলববি ছাড়া দ্রুত স্বাক্ষ্যগ্রহণ ও শুনানি করার সুপারিশ করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, তদন্তকারী কর্মকর্তা প্রায় ক্ষেত্রেই ফৌজদারি কার্যবিধির ১৬৭ ধারায় উল্লিখিত সময়ের মধ্যে তদন্ত শেষ করতে পারেন না। দীর্ঘ বিলম্বে তদন্ত প্রতিবেদন দাখিল করায় অনেক সময় সাক্ষ্য-প্রমাণ পাওয়া সম্ভব হয় না।

এ থেকে উত্তরণের জন্য মামলার অভিযোগপত্রে তদন্ত কর্মকর্তার মোবাইল ফোন নম্বর ও ই-মেইল আইডি যোগ করার সুপারিশ করা হয়েছে। বিচারকের সংখ্যা বাড়ানোর পাশাপাশি ‘লজিস্টিকস ও সাপোর্ট স্টাফ’ বাড়াতে বলেছে মন্ত্রণালয়।

সেইসঙ্গে ‘সাক্ষী সুরক্ষা আইন’ করার ওপর জোর দিয়ে প্রতিবেদেন বলা হয়েছে, “সমাজে প্রভাবশালী লোকের সংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে সকল ধরনের অপরাধের সংখ্যাও আশঙ্কাজনকভাবে বেড়ে চলছে। এ অবস্থায় সাধারণ সাক্ষীরা জীবনের ঝুঁকি নিয়ে এরূপ প্রভাবশালীদের বিরুদ্ধে সাক্ষ্য দিতে প্রায়শই অনীহা প্রকাশ করেন। কাজেই তাদের নিরাপত্তার জন্য ‘সাক্ষী সুরক্ষা আইন’ করা অতীব জরুরি হয়ে পড়েছে।”

রাষ্ট্র সাক্ষীদের নিরাপত্তা দিতে ব্যর্থ হলে অপরাধীরা সাক্ষ্যের অভাবে খালাস পেতে থাকবে, যা দেশের বিচার ব্যবস্থা ও আইন-শৃঙ্খলার জন্য ‘হুমকি’ সৃষ্টি করবে বলেও এতে উল্লেখ করা হয়।

মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সলিসিটর একেএম সলিমউল্লাহর নেতৃত্বে পাঁচ সদস্যের একটি কমিটি এই প্রতিবেদন তৈরি করে।

এ বিষয়ে কথা বলতে চাইলে একেএম সলিমউল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা প্রতিবেদন মন্ত্রণালয়ে জমা দিয়েছি। বেটার হবে আমাদের সচিবের সঙ্গে কথা বলেন।”

তবে আইন ও বিচার বিভাগের সচিব আবু সালেহ শেখ মো. জহিরুল হকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে তাকে পাওয়া যায়নি।

সুরঞ্জিত সেনগুপ্তর সভাপতিত্বে সংসদীয় কমিটির বৈঠকে কমিটির সদস্য মো. তাজুল ইসলাম চৌধুরী, সাহারা খাতুন ও শামছুল হক টুকু অংশ নেন।