ফতুল্লায় দেয়াল ধসে শিশু নিহত
নারায়ণগঞ্জ সদরে দেয়াল চাপায় পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার দুপুরে উপজেলার ফতুল্লার মুসলিমনগর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত জিসান (১০) ওই এলাকার হামিদুল মিয়ার ভাড়াটিয়া মৃনালের ছেলে।
জিসানের বাবা মৃণাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জিসান সমবয়সীদের সঙ্গে বাড়ির ভেতরেই খেলছিল।
এ সময় আকস্মিকভাবে হামিদুল মিয়ার বাড়ির সীমানা প্রাচীর ধসে চাপা পড়ে জিসান। হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
নারায়ণগঞ্জ সদর হাসপাতালের চিকিৎসক আমিনুল ইসলাম বলেন, মাথায় প্রচণ্ড আঘাতে শিশুটির মৃত্যু হয়েছে।
