সিলেটে ডাকাতের গুলিতে পিতা-পুত্র আহত
সিলেটের জকিগঞ্জ উপজেলায় ডাকাতের গুলিতে বাবা ও ছেলে আহত হয়েছেন।
জকিগঞ্জ থানার ওসি শফিকুর রহমান খান জানান, বুধবার ভোররাতে উপজেলার বাটইশাইল গ্রামে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- বাটইশাইল গ্রামের সাখাওয়াত আলী খান (৬০) ও তার ছেলে বাবুল খান (৩৫)।
তাদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ওসি শফিকুর রহমান আরও জানান, ভোররাতে বালিটিকা গ্রামের দুবাই প্রবাসী সামছু মিয়া ও বদরুল মিয়ার বাড়িতে একদল সশস্ত্র ডাকাত হানা দেয়।
ওই বাড়ি থেকে স্বর্ণালঙ্কার ও টাকাসহ প্রায় ছয় লাখ টাকার মালামাল লুট করে ডাকাতরা।
খবর পেয়ে পাশের বাটইশাইল গ্রামের সাখাওয়াত আলী ও বাবুল খান এগিয়ে এলে ডাকাতরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে।
এ ঘটনায় এখনও মামলা হয়নি বলে জানান ওসি।
