২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঈশ্বরদীতে আ. লীগের দুপক্ষে সংঘর্ষে নিহত ১

পাবনার ঈশ্বরদীতে আধিপত্য বিস্তার নিয়ে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে এক তরুণের মৃত্যু হয়েছে।

পাবনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Mar 2015, 04:03 PM

Updated : 25 Apr 2022, 01:08 PM

ঈশ্বরদীর মুলাডুলি বাজারে বুধবার দুপুরে এ সংঘর্ষে নিহত বাঁধন খন্দকার মুলাডুলি কলেজের উচ্চ মাধ্যমিকের ছাত্র।

পুলিশের ঈশ্বরদী সার্কেলের এএসপি শাহানুর আলম জানান, বাজারের নিয়ন্ত্রণ নিয়ে মুলাডুলি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামাল হোসেন মিঠুর সঙ্গে ইউনিয়ন যুবলীগের সভাপতি মিলন খন্দকারের বিরোধ চলছিল।

চৈত্র সংক্রান্তি উপলক্ষে মুলাডুলি বাজারে অনুষ্ঠেয় মেলায় দোকান বরাদ্দ  নিয়ে বেলা ১২টার দিকে দুই পক্ষের নেতাকর্মীদের বাক-বিতণ্ডা হয়।

এক পর্যায়ে তারা সংঘর্ষে জড়িয়ে পড়লে কামালের অনুসারীরা গুলি চালায়।

এতে গুলিবিদ্ধ বাঁধনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু বলে এএসপি শাহানুর জানান।

পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বলে জানান তিনি।

এ ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।