২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খালাস চেয়ে সুবহানের আপিল

একাত্তরে হত্যা, অপহরণ ও নির্যাতনের মতো মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ড পাওয়া জামায়াত নেতা আব্দুস সুবহান খালাস চেয়ে সর্বোচ্চ আদালতে আপিল করেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Mar 2015, 01:23 PM

Updated : 25 Apr 2022, 01:09 PM

তার আইনজীবী শিশির মনির বুধবার আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় এই আপিল দাখিল করেন।

তিনি বলেন, ৮৯ পৃষ্ঠার মূল আপিলসহ ১ হাজার ১৮২ পৃষ্ঠার নথিতে সুবহানের খালাসের পক্ষে ৯২টি যুক্তি তুলে ধরেছেন তারা।

মানবতাবিরোধী অপরাধের বিচারে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ গত ১৮ ফেব্রুয়ারি এই যুদ্ধাপরাধীর মৃত্যুদণ্ডের রায় দেয়।

বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় পাবনায় সুবহানের নেতৃত্বে রাজাকার, আলবদর ও আলশামস বাহিনী ব্যাপক হত্যা, অপহরণ ও নির্যাতনের মতো মানবতাবিরোধী অপরাধ ঘটায় বলে রায়ে উঠে আসে।

প্রসিকিউশনের আনা নয়টি অভিযোগের মধ্যে ছয়টি সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় মৃত্যু না হওয়া পর্যন্ত ফাঁসির রজ্জুতে ঝুলিয়ে ৭৯ বছর বয়সী সুবহানের দণ্ড কার্যকর করার আদেশ দেয় ট্রাইব্যুনাল।

একাত্তরের কর্মকাণ্ডের জন্য সুবহানকে একজন ‘অতি কুখ্যাত’ ব্যক্তি হিসাবে উল্লেখ করে বিচারক বলেন, মৃত্যুদণ্ডই তার অপরাধের ‘যোগ্য শাস্তি’। অপরাধের তুলনায় বয়স বিবেচনায় তার সাজা কমিয়ে দিলে তা কোনোভাবেই অর্থবহ হবে না।

জামায়াতের আজকের নায়েবে আমির মাওলানা আবদুস সুবহান পাকিস্তান আমলে ছিলেন পাবনা জেলা জামায়াতের আমির ও কেন্দ্রীয় শুরা সদস্য।

ট্রাইব্যুনালে প্রসিকিউশনের আনা ১ নম্বর অভিযোগে ঈশ্বরদী কেন্দ্রীয় জামে মসজিদ থেকে বের করে ২০ জনকে হত্যা; ৪ নম্বর অভিযোগে সাহাপুর গ্রামে ছয়জনকে হত্যা এবং ৬ নম্বর অভিযোগে সুজানগর থানার ১৫টি গ্রামে কয়েকশ মানুষকে হত্যার দায়ে সুবহানকে দেওয়া হয় মৃত্যুদণ্ড।

২ নম্বর অভিযোগে পাকশী ইউনিয়নের যুক্তিতলা গ্রামে পাঁচজনকে হত্যা এবং ৭ নম্বর অভিযোগে সদর থানার ভাড়ারা ও দেবোত্তর গ্রামে অপহরণ ও হত্যার ঘটনায় সংশ্লিষ্টতা প্রমাণিত হওয়ায় তাকে দেওয়া হয় আমৃত্যু কারাদণ্ড।

এছাড়া ৩ নম্বর অভিযোগে ঈশ্বরদীর অরণখোলা গ্রামে কয়েকজনকে অপহরণ ও আটকে রেখে নির্যাতনের ঘটনায় সংশ্লিষ্টতা প্রমাণিত হওয়ায় সুবহানকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়।

প্রসিকিউশন ৫, ৮ ও ৯ নম্বর অভিযোগ প্রমাণ করতে ব্যর্থ হওয়ায় এসব অভিযোগ থেকে সুবহানকে খালাস দিয়েছে আদালত। 

পুরনো খবর:

যুদ্ধাপরাধী সুবহানের প্রাণদণ্ড