আড়াইঘণ্টা পর এসআইকে ফেরৎ দিল বিএসএফ
কুড়িগ্রামের নাগেশ্বরীতে মাদক চোরাকারবারীদের আটক করতে গিয়ে বিএসএফের হাতে আটক হওয়ার আড়াই ঘণ্টা পর ছাড়া পেলেন ছামসুল নামে এক এসআই।
মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে বিএসএফ ও বিজিবি’র মধ্যস্থতায় এসআই ছামসুলকে ফেরৎ দেয় বিএসএফ।
মঙ্গলবার রাত ৯টার দিকে এসআই ছামসুল হকসহ ছয় পুলিশ সদস্য উপজেলার রামখানা ইউনিয়নের সিংঝাড় এলাকায় মাদক চালান আটকের জন্য অভিযান চালায়।
এ সময় মাদক চোরাকারবারীদের কয়েকজন পুলিশকে সহযোগিতার কথা বলে সীমান্তবর্তী হাজমাতা নামক স্থানে নিয়ে যায় এবং দুই মাদক চোরাকারবারীকে আটক করে।
পরে অন্যান্য চোরাকারবারীরা সংঘবদ্ধ হয়ে পুলিশ সদস্যদের ধরে নো-ম্যানস ল্যান্ডে একটি বাড়িতে নিয়ে আটকে রাখে। এ সময় ধস্তাধস্তি করে পাঁচজন পালিয়ে গেলেও আটকা পড়েন এসআই ছামসুল।
সেখান থেকেই তাকে বিএসএফ সদস্যরা আটক করে বলে জানান পুলিশ সুপার তবারক উল্লাহ।
অতিরিক্ত পুলিশ সুপার শাহাব উদ্দিন জানান, ঘটনার পর নাগেশ্বরী ইউএনও আবু হায়াত মোহাম্মদ রহমত উল্যাহ ও বিজিবির কমান্ডিং অফিসার জাকির হোসেন বিএসএফের সঙ্গে আলোচনা করে ছামসুলকে ফিরিয়ে আনে।
