বিটি বেগুন চাষে সাফল্য
বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) উদ্ভাবিত পোকার আক্রমণ প্রতিরোধী ‘বারি বিটি বেগুন’ চাষে ভোলাসহ দেশের ১৭ জেলার কৃষকরা ব্যাপক সফলতা পেয়েছেন।
ভোলার বারি বিটি বেগুন চাষে সফলতা সরজমিনে দেখে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালকসহ বারি’র বিজ্ঞানিরা সন্তোষ প্রকাশ করেছেন। সেই সাথে কৃষকরা ও বারি বিটি বেগুন চাষে আগ্রহী হয়ে উঠছে।
মঙ্গলবার ভোলার পরানগঞ্জ এলাকায় বারি বিটি বেগুনের মাঠ পরিদর্শন করেন বারির মহাপরিচালক ড. মো. রফিকুল ইসলাম।
ড. রফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, যুক্তরাষ্ট্রের কর্নেল বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) যৌথ গবেষণা এবং ইউএসএআইডি’র আর্থিক সহযোগিতায় বেগুনের ডগা ও ফল ছিদ্রকারী পোকা প্রতিরোধী বেগুনের চারটি জাত উদ্ভাবন করা হয়।
এর মধ্যে চলতি বছরে ভোলা জেলায় পাঁচ জন কৃষকের মাধ্যমে বারি বিটি বেগুন ২ ও ৩ চাষ করা হয়।
তিনি আরও বলেন, ভোলাসহ দেশের ১৭ জেলার ১০৮ জন কৃষক প্রত্যেকে ২০ শতাংস জমিতে বারি’র বিজ্ঞানিদের সার্বিক পরামর্শে পরীক্ষামূলকভাবে বিটি বেগুন চাষ করে ব্যাপক সাফল্য পেয়েছেন।
বিষমুক্ত এ বেগুনের বীজের প্রধান বৈশিষ্ট হচ্ছে বীজের মধ্যে ব্যসিলাস থুরিনজিয়েনসিস (বিটি) জিন (ব্যাকটেরিয়া) যুক্ত করা হয়েছে। ফলে এর ফলনে এবং ডগায় পোকা আক্রমণ করতে পারে না। এটি সম্পূর্ণ স্বাস্থ্য বান্ধব বলে জানান তিনি।
বেগুনের মাঠ পরিদর্শনের আগে বারি মহাপরিচালক ভোলার পরানগঞ্জ এলাকায় কৃষক সমাবেশে বক্তব্য রাখেন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্ত ড. আ. সা. ম. মাহাবুবুর রহমান খান, মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. বাবুল লাল নাগ, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. ছেলাহ উদ্দিন, ড. মোস্তাফিজুর রহমান প্রমুখ।
ভোলার কৃষক মো. ইমাম আলী, মো. হানিফ, মো. মোসলেউদ্দিন, মো. আলাউদ্দিন পাটওয়ারি ও আবদুল মালেক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এই বেগুন বীজের প্রধান বৈশিষ্ট হচ্ছে এ বীজ চাষে বেগুনে এবং বেগুনের ডগায় কোনো কীট-পতঙ্গ আক্রমণ করতে পারে না।
কোনো প্রকার কীটনাশক ব্যবহার করতে হয় না, তাই এ বেগুন বিষমুক্ত বলে জানান তারা।
তারা জানান, ২০ শতাংস জমিতে বেগুন চাষে তাদের খরচ হয়েছে ১২ থেকে ১৫ হাজার টাকা। গত দেড় মাসে গড়ে ৩০ হাজার টাকার বেগুন বিক্রি হয়েছে।
সামনের এক মাসে তারা আরও ২০ থেকে ২৫ হাজার টাকার বেগুন বিক্রি করতে পারবেন বলে আশা করছেন।
