২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাতিসংঘে বাংলাদেশ লাউঞ্জ উদ্বোধন

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিনে জাতিসংঘ সদর দপ্তরে উদ্বোধন হল ‘বাংলাদেশ লাউঞ্জ’।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিউ ইয়র্ক প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Mar 2015, 05:35 PM

Updated : 12 Oct 2022, 03:26 PM

সোমবার দুপুরে নিউ ইয়র্কে যখন এই উদ্বোধন অনুষ্ঠান হয়; তখন ক্যালেন্ডারের পাতায় বাংলাদেশে শুরু হয়ে গেছে ১৭ মার্চ, যে দিন বঙ্গবন্ধুর জন্ম হয়েছিল। 

জাতীয় সংসদের স্পিকার এবং কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনের চেয়ারপারসন  শিরীন শারমিন চৌধুরী অনাড়ম্বর এক অনুষ্ঠানে বাংলাদেশ লাউঞ্জ উদ্বোধন করেন।

বাংলাদেশ মিশনের কর্মকর্তাদের সঙ্গে জাতিসংঘ সদস্য রাষ্ট্রগুলোর স্থায়ী প্রতিনিধি এবং সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

জাতিসংঘের ১৩৬তম সদস্য হিসেবে বাংলাদেশ অন্তর্ভুক্ত হয় ১৯৭৪ সালের সেপ্টেম্বরে। এর ৪০ বছর পর ২০১৪ সালে এ লাউঞ্জ বরাদ্দ পায় বাংলাদেশ।

সাধারণ অধিবেশন কক্ষের প্রবেশ পথে অর্থাৎ মূল ভবনের দ্বিতীয় তলায় পশ্চিম বেলকনি হিসেবে পরিচিত ছিল এই এলাকাটি, এখন তা বাংলাদেশ লাউঞ্জ নামে পরিচিত হবে। 

পরিসর খুব বড় না হলেও এর অবস্থানটি চমৎকার বলেই বর্ণনা করছেন বাংলাদেশ মিশনের কর্মকর্তারা।

লাউঞ্জে রয়েছে একটি শহীদ মিনার এবং বাংলাদেশের মানচিত্র খচিত একটি বড় বোর্ড। পাশে সোফা সেট এবং টি টেবিল।

বঙ্গবন্ধুর একটি প্রতিকৃতি টানানোর পরিকল্পনা রয়েছে বলে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি এ কে এ মোমেন জানিয়েছেন।   

এ লাউঞ্জের পেছনে আর কিছু না থাকায় যতক্ষণ খুশি এখানে বৈঠক করা যাবে। উদ্বোধন করে এই লাউঞ্জটি বেশি ব্যবহারের পরামর্শ দেন শিরীন শারমিন।

তিনি বলেন, “এখানে বহুপাক্ষিক গুরুত্বপূর্ণ বিষয় আলোচিত হবে। এটা বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণে সদস্যদের সহায়তা করবে।”

রাষ্ট্রদূত মোমেনও বলেন, “বাংলাদেশ লাউঞ্জকে যে কেউ তাদের প্রয়োজনে ব্যবহার করতে পারবেন। যত বেশি এটি ব্যবহৃত হবে, আমরা ততই খুশি হব।”

লাউঞ্জ উদ্বোধন করে স্পিকার শ্রদ্ধার সঙ্গে বঙ্গবন্ধুকে স্মরণ করে বলেন, “বিশ্বসভায় আজকের বাংলাদেশ অনেক উঁচুতে উঠেছে শুধু বঙ্গবন্ধুর দেখানো পথ ধরে আমরা হাঁটছি বলে।”

আধা ঘণ্টার এ উদ্বোধন অনুষ্ঠানে শুভেচ্ছা বিনিময়ের সময় বিদেশি রাষ্ট্রদূতরা বাংলাদেশ লাউঞ্জ উদ্বোধনকে বাংলাদেশিদের জন্য একটি ঐতিহাসিক ঘটনা বলে অভিহিত করেন।