২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘লাল বাহিনী’ পরিচয়ে রাবি শিক্ষককে হত্যার হুমকি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) দর্শন বিভাগের অধ্যাপক আনিসুজ্জামান মানিককে টেলিফোনে ‘লাল বাহিনী’ পরিচয় দিয়ে চাঁদা দাবি ও হত্যার হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

রাজশাহী অফিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Mar 2015, 04:44 PM

Updated : 25 Apr 2022, 01:08 PM

সোমবার রাত সাড়ে ৯টার দিকে ওই ফোন পান বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান অধ্যাপক আনিসুজ্জামান।

তিনি জানান, হুমকি পাওয়ার পরপরই বিষয়টি তিনি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে মৌখিকভাবে জানিয়েছেন। তবে মঙ্গলবার দুপুর পর্যন্ত থানায় অভিযোগ করেননি। 

বঙ্গবন্ধু সমাজ সংস্কৃতি পরিষদের সদস্য সচিব আনিসুজ্জামান ২০১০-১২ মেয়াদে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য ছিলেন। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মুহম্মদ মিজানউদ্দিন ওই সংগঠনের আহ্বায়ক।

অধ্যাপক আনিসুজ্জামান জানান, রাতে তিনি যখন বিশ্ববিদ্যালয়ের জুবেরি ভবনে শিক্ষকদের ক্লাবে ছিলেন, তখন মোবাইলে ওই কল আসে।

“এক ব্যক্তি বলে, ‘আমি লাল বাহিনীর নেতা। আমার ছেলেরা আপনার বাসায় অনেক দিন ধরেই যেতে চাচ্ছে। কিন্তু আমি তাদেরকে আটকে রেখেছি। আমার বেশ কিছু ছেলে কারাগারে ও মেডিকেলে আছে। তাদের জন্য টাকা লাগবে। আপনি মোটা অংকের টাকা নিয়ে তৈরি থাকবেন।ছেলেরা গেলে তাদের হাতে দিয়ে দেবেন।’

বিষয়টি জানাজানি হলে হত্যারও হুমকি দেওয়া হয় দর্শন বিভাগের এই শিক্ষককে।

অধ্যাপক আনিসুজ্জামান বলেন, বুধবার প্রক্টরের মাধ্যমে লিখিতভাবে বিষয়টি পুলিশকে জানানো হবে।

মতিহার থানার ওসি আব্দুর রউফ বলেন, তারা বিশ্ববিদ্যালয় শিক্ষকের কাছে চাঁদা দাবি ও হত্যার হুমকি দেওয়ার খবর শুনেছেন। তবে শিক্ষকের কাছ থেকে কোনো অভিযোগ পাননি।

‘লাল বাহিনী’ নামে কোনো সংগঠনের নাম আগে শোনেননি বলেও জানান ওসি।

এদিকে শিক্ষককে হুমকি দেওয়ার প্রতিবাদে বুধবার ক্যাম্পাসে মানববন্ধন করবেন দর্শন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা।

এ বিশ্ববিদ্যালয়েরই সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষক অধ্যাপক একেএম শফিউল ইসলামকে গত বছরের ১৫ নভেম্বর ক্যাম্পাস সংলগ্ন চৌদ্দপাই এলাকায় নিজের বাসার সামনে কুপিয়ে হত্যা করা হয়। সেই হত্যাকাণ্ডের সুরাহা গত চার মাসেও হয়নি।