চট্টগ্রামে হাতবোমা বিস্ফোরণ: ২৫ জনের বিরুদ্ধে মামলা
অবরোধ-হরতালের মধ্যে চট্টগ্রামের আন্দরকিল্লা এলাকায় হাতবোমা হামলার ঘটনায় বিএনপি সমর্থিত এক ওয়ার্ড কাউন্সিলর ও শিবির নেতাসহ ২৫ জনের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ।
কোতোয়ালি থানার ওসি জসীম উদ্দিন জানান, সোমবার গভীর রাতে বিস্ফোরক ও সন্ত্রাসবিরোধী আইনে পুলিশের পক্ষ থেকে মামলাটি দায়ের করা হয়।
এতে পাথরঘাটার ওয়ার্ড কাউন্সিলর মো. ইসমাইল বালি, ইসলামী ছাত্র শিবিরের চট্টগ্রাম মহানগর উত্তর শাখার সভাপতি নুরুল আমিন, সাধারণ সম্পাদক সালাউদ্দিন সোহেলসহ ২৫ জনকে আসামি করা হয়েছে।
সোমবার রাত সোয়া ৯টার দিকে আন্দরকিল্লা এলাকার জেনারেল হাসপাতালের কাছে দুটি হাতবোমা ফাটানো হলে ছয়জন আহত হন।
ওই ঘটনার পর পুলিশ সেখানে অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করে বলে জানান ওসি।
