অভাবে আটকাবে না লেখাপড়া: প্রধানমন্ত্রী
জাতীয় চেতনা ও আধুনিক প্রযুক্তির সঙ্গে শিশুদের পরিচয় করিয়ে দেওয়ার ওপর গুরুত্ব আরোপ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
অর্থের অভাবে কোনো শিশুর লেখাপড়া যাতে বন্ধ না হয় সে ব্যবস্থা নিশ্চিত করার কথা বলেছেন সরকার প্রধান।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকীতে জাতীয় শিশুদিবসে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় এক অনুষ্ঠানে অংশ নিয়ে একথা বলেন প্রধানমন্ত্রী।
দরিদ্র্য দূর করে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার অঙ্গীকার ব্যক্ত করে প্রধানমন্ত্রী বলেন, “কোনো মানুষ দরিদ্র থাকবে না। প্রত্যেকটা মানুষকে অন্তত তার ন্যূনতম প্রয়োজন, একটা থাকার ঘর, দুবেলা পেট ভরে খাবার ব্যবস্থা, পুষ্টিকর খাদ্যের ব্যবস্থা, শিক্ষার ব্যবস্থা, চিকিৎসার ব্যবস্থা, আমরা এগুলো একে একে করে দিচ্ছি।”
স্বাধীনতা আন্দোলনের নেতা শেখ মুজিবের আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনার আলোকে দেশকে গড়ে তুলতে সেভাবে তৈরি হতে শিশুদের পরামর্শ দেন শেখ হাসিনা।
তিনি বলেন, “তোমাদেরকে অনুরোধ করব, তোমরা মনে রাখবে বড় হতে হলে লেখাপড়া করতে হবে। লেখাপড়া শিখে মানুষের মতো মানুষ হতে হবে। এই বাংলার মাটিতে কোনো শিশু অশিক্ষিত থাকবে না। সুন্দরভাবে তাদের জীবযাপন হবে।”
শিশুদের প্রযুক্তির সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার ওপর গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, “আমরা তোমাদের জন্য কম্পিউটার শিক্ষা দেওয়ার ব্যবস্থা করেছি। মাধ্যমিক পর্যায় পর্যন্ত এখন বাধ্যতামূলক। প্রাথমিক পর্যায়েও ধীরে ধীরে বাধ্যতামূলক করে দিচ্ছি। মাল্টিমিডিয়া ক্লাসরুম করে দিচ্ছি, সেখানে শুধু বই পড়া না, চোখে দেখে শিখতে পারবে।
“আজ তোমরা আধুনিক প্রযুক্তি ও সেই প্রযুক্তিভিত্তিক জ্ঞান লাভ করবে-সেটাই আমরা চাই। বিশ্ব যেভাবে এগিয়ে যাচ্ছে, তার সঙ্গে তাল মিলিয়ে আমাদের ছেলে-মেয়েরাও লেখাপড়া করবে। সেইভাবে আমরা ব্যবস্থা করে দিচ্ছি। আধুনিক প্রযুক্তি শিখে তোমরা নিজেদের তৈরি করবে- সেটাই আমরা চাই।”
সরকার শিক্ষাকে সবেচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে মন্তব্য করে তিনি বলেন, ছেলে-মেয়েদের পড়ার জন্য এখন আর বই কিনতে হয় না। বিনামূল্যে দশম শ্রেণি পর্যন্ত বই বিতরণ করা হয়। জানুয়ারি মাসের প্রথম দিন বই শিক্ষার্থীদের হাতে পৌঁছায়।
“বইয়ের মান আমরা উন্নত করেছি। সুন্দর বই আমরা ছাপাচ্ছি। এবছর আমরা ৩২ কোটি ৬৩ লাখ ৪৭ হাজার ৯২৩টি বই বিনামূল্যে সারা বাংলাদেশে বিতরণ করেছি।”
তিনি বলেন, “প্রত্যেকটা ছেলে-মেয়ে যাতে শিক্ষা পায় সে ব্যবস্থা আমরা করে দিচ্ছি। স্কুলগুলোতে নতুন নতুন ভবন আমরা তৈরি করে দিচ্ছি। যেখানে ছেলে-মেয়েরা একত্রে পড়াশোনা করে সেখানে মেয়েদের জন্য আলাদা টয়লেটের ব্যবস্থা আমরা করে দিয়েছি।”
বঙ্গবন্ধুর আদর্শে নিজেকে গড়ে তোলার জন্য শিশুদের প্রতি আহ্বান জানিয়ে শেখ হাসিনা বলেন, “জাতির পিতা সব সময় শিশুদের প্রতি দরদী ছিলেন। ছোটবেলা থেকেই তিনি মানব দরদী ছিলেন। তিনি যখন স্কুলে যেতেন, যদি দেখতেন, কোনো ছেলে গরিব, পয়সা নাই, বই কিনতে পারে না, তিনি নিজের অকাতরে বই বিলিয়ে দিতেন।
“আজকে যেমন বাংলাদেশে অনেক রাস্তাঘাট চলাফেরার সুযোগ, আগের দিনে এই অবস্থা ছিল না। অনেক দূর-দূরান্ত থেকে ছাত্রদেরকে আসতে হতো, তারা ছাতা মাথায় দিয়ে আসতো। অনেকের হয়তো ছিল না, তিনি নিজেরটা বিলিয়ে দিতেন।
“দরিদ্র মানুষ যদি দেখতেন, নিজের কাপড়টা খুলে দিয়ে দিতেন।”
সে সময় অন্যের বাড়ি থেকে যারা লেখাপড়া করতেন তাদের বা বন্ধুদের নিয়ে বঙ্গবন্ধুর নিজের খাবার ভাগ করে খাওয়ার কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, “আমার দাদী কখনো তার ছেলেকে মানা করতেন না। কোনো ব্যাপারে নিষেধ করতেন না। বই বা ছাতা, কাপড় দিতেন, তিনি নিরুৎসাহিত করতেন না। তার জন্য বেশি করে খাবার রেখে দিতেন।
“তার দরদী মন ছোট বেলা থেকেই প্রস্ফুটিত হয়েছিল, যে কারণে তিনি বড় হয়ে মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করেছেন। এই সংগ্রামে বাবা-মা নিষেধ করেননি। তাদের আদর-ভালোবাসা উৎসাহ পেয়েছেন বলেই জীবনে তিনি এতো বড় অবদান রেখে একটি স্বাধীন জাতি প্রতিষ্ঠা করে যেতে পেরেছেন।”
যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশকে পুনর্গঠন করতে বঙ্গবন্ধুর ভূমিকা তুল ধরে প্রধানমন্ত্রী বলেন, “তিনি স্বাধীনতা দিয়ে গেছেন। স্বাধীনতার পর যখন একটি রাষ্ট্রকে গড়ে তুলছিলেন, ক্ষুধামুক্ত-দারিদ্র্যমুক্ত বাংলাদেশ হবে।
“কোনো শিশু না খেয়ে থাকবে না, কোনো শিশু মায়ের কোলে বি না ঔষধে-বিনা চিকিৎসায় মৃত্যুবরণ করবে না। কোনো শিশু কষ্টের মধ্যে জীবন-যাপন করবে না।
“সেই শিশুদের জন্য তিনি একটি সুন্দর ভবিষ্যত নির্মাণ করতে চেয়েছিলেন। যেভাবে একাত্তর সালে জাতিকে ঐক্যবদ্ধ করে স্বাধীনতা অর্জন করেছিলেন। সেভাবে জাতিকে ঐক্যবদ্ধ করে অর্থনৈতিক মুক্তির জন্য তিনি কর্মসূচি নিয়েছিলেন।”
বঙ্গবন্ধুর সেই দরদী মন নিয়ে অন্যদের প্রতি সহযোগিতার হাত বাড়াতে শিশুদের প্রতি আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, “সেই সাথে সাথে গরিব, দরিদ্র অথবা যারা প্রতিবন্ধী- বোবা, পঙ্গু, চোখে দেখে না, তাদের তোমরা অবহেলা করবে না। তারা তোমাদের মতই একজন, তোমাদের আপনজন।
“তাদেরকাছে টেনে নিবে। তোমাদের দরদী মন তাদের কষ্ট ভুলিয়ে দিবে। তাদের পাশে থাকবে। সেটা আমি চাই।”
১৯২০ সালের ১৭ মার্চ গোপালগঞ্জের টুঙ্গীপাড়ায় জন্ম নেন শেখ মুজিবুর রহমান। কালক্রমে তার হাত ধরেই বিশ্ব মানচিত্রে নতুন দেশ হিসেবে স্থান করে নেয় বাংলাদেশ।
১৯৭৫ সালের ১৫ অগাস্ট এক দল সেনা কর্মকর্তার হাতে নিজ বাসভবনে সপরিবারে নিহত হন বঙ্গবন্ধু।
বাঙালির জনকের জন্মদিনটিতে জাতীয় শিশু দিবস হিসেবে পালন করা হয়বাংলাদেশে।
এই দিনে শিশুদের সামনে বক্তব্য দিতে গিয়ে পঁচাত্তরের ১৫ অগাস্টে বাবা-মা ও অন্য স্বজনদের সঙ্গে ঘাতকের বুলেটে প্রাণ হারানো ছোট ভাই শেখ রাসেলের কথা স্মরণ করেন প্রধানমন্ত্রী।
“আজকে যখন এখানে ছোট ছোট শিশুদের দেখি, আমার মনটা ঘুরে ফেরে সেই ছোট্ট শিশু ভাইটির জন্য। শিশু রাসেল এই টুঙ্গিপাড়ার মাটিতে যখন আসতো, এখানকার ছোট ছোট শিশুদের সঙ্গে খেলা করতো।
“মাকে বলতো, এই শিশুদের জন্য কাপড় চোপড় কিনে দিতে। তাদের জন্য কাপড় চোপড়ের ব্যবস্থা করতো। আমার মা সব সময় এই ব্যবস্থা করতেন। এই মাটিতে কত ছুটে বেড়িয়েছে। সেই ছোট্ট শিশুটিকেও কিন্তু সেই ঘাতকের দল রেহাই দেয়নি।”
স্বাধীনতা আন্দোলনের নেতার মৃত্যুর মধ্য দিয়ে বাঙালি মুক্তিযুদ্ধের ইতিহাস ও আদর্শকে ‘হারিয়েছিল’ বলে মন্তব্য করেন বঙ্গবন্ধু কন্যা।
বিএনপি-জামায়াত জোটের চলমান অবরোধে নাশকতায় শিশু-নারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মৃত্যুতে দুঃখ প্রকাশ করেন প্রধানমন্ত্রী।
শিশুর সুষ্ঠু বিকাশের লক্ষ্যে কাজ করে যাওয়ার প্রত্যয় জানান প্রধানমন্ত্রী।
“আমরা চাই- একটা সুন্দর ভবিষ্যৎ, একটা শান্তিপূর্ণ পরিবেশ, উন্নত সমৃদ্ধ বাংলাদেশ,” বলেন তিনি।
শিশু সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী সমাধিসৌধ কমপ্লেক্সে জাতীয় গ্রন্থকেন্দ্র আয়োজিত দিনব্যাপী গ্রন্থ মেলার উদ্বোধন করেন। মেলায় বইয়ের ১১টি স্টল বসেছে।
বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানাতে রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকাল ১০টা ১২ মিনিটে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিসৌধে পৌঁছান।
৯৫তম জন্মবার্ষিকীতে বঙ্গবন্ধুর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তারা।
সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল এ সময় সামরিক কায়দায় অভিবাদন জানায়, বিউগলে বাজানো হয় করুণ সুর। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী কিছুক্ষণ বেদীর পাশে নীরবে দাঁড়িয়ে থাকার পর ফাতেহা পাঠ করেন।
পরে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের নেতৃত্বে কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতারা বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন। এরপর সহযোগী সংগঠনসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক পেশাজীবী ও শ্রমজীবী সংগঠনের পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।
শ্রদ্ধা নিবেদনের পর বেলা ১১টা ১৫ মিনিটে টুঙ্গিপাড়া থেকে ঢাকায় ফেরেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ।
বিকেল সোয়া ৩টায় প্রধানমন্ত্রী ঢাকার উদ্দেশ্যে যাত্রা করার পর সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য বঙ্গবন্ধুর সমাধি খুলে দেওয়া হয়।
সকালে ধানমণ্ডিতে বন্ধুবন্ধুর প্রতিকৃতিতে ফুল দেন প্রধানমন্ত্রী।
আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলো ছাড়াও বিভিন্ন সংগঠন বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে নানা কর্মসূচি পালন করছে। সরকারিভাবেও নানা কর্মসূচি নেওয়া হয়েছে।
বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে সকাল পৌনে ৮টায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) বহির্বিভাগে সম্পূর্ণ বিনামূল্যে বিশেষজ্ঞ চিকিৎসাসেবার উদ্বোধন করা হয়।
