যশোরে ‘বন্দুকযুদ্ধে’ একজন নিহত
যশোরে গভীর রাতে পুলিশের সঙ্গে ‘গোলাগুলিতে’ একজন নিহত হয়েছেন, হত্যা ও ডাকাতির একাধিক মামলার এই আসামিকে অনেকদিন ধরেই খোঁজা হচ্ছিল বলে পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন।
যশোর সদরের পাঁচবাড়িয়া এলাকায় যশোর-মাগুরা সড়কে সোমবার রাত ২টা থেকে আড়াইটার মধ্যে ‘গোলাগুলি’র ঘটনা ঘটে বলে জেলার সহকারী পুলিশ সুপার রেশমা শারমীন জানিয়েছেন।
তিনি বলেন, “রাস্তায় গাছ ফেলে ডাকাতির খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে গেলে তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে দুর্বৃত্তরা।
“আত্মরক্ষায় পুলিশ সদস্যরা পাল্টা গুলি চালালে এক পর্যায়ে ডাকাতরা পালিয়ে যায়। পরে ইউনুস আলীকে মৃত অবস্থায় পাওয়া যায়।”
ঘটনাস্থলে দুটি ধারালো অস্ত্র ও চারটি হাতবোমা পাওয়া গেছে বলে জানান তিনি।
নিহতের বিরুদ্ধে যশোরের বিভিন্ন থানায় ২০টি ডাকাতি, ১১টি হত্যা ও চাঁদাবাজির দুটিসহ মোট ৪১টি মামলা রয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।
এএসপি রেশমা জানান, একটি মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ইউনুস আলীকে অনেকদিন ধরেই খুঁজছিল পুলিশ।
তবে কোন মামলায় তার সাজা হয়েছিল তা জানাতে পারেননি তিনি।
