চট্টগ্রামে ছিনতাই হওয়া বিকাশের টাকা উদ্ধার, গ্রেপ্তার ৩
চট্টগ্রাম নগরীতে বিকাশ এজেন্টের কাছ থেকে টাকা ছিনতাইয়ের পর দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার দুপুরে পতেঙ্গা থানার চৌধুরী পাড়া রাজাপুকুর এলাকা থেকে তাদের ধরার পর টাকাও উদ্ধার করা হয়।
এরা হলেন- সুমন (১৯) ও আজগর আলী (২২)।পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য সুমনের মা সাহেরা খাতুনকে আটক করেছে।
পতেঙ্গা থানার এসআই মোস্তাফিজুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুপুর আড়াইটার দিকে এক বিকাশ এজেন্ট টাকার ব্যাগ নিয়ে মোটরসাইকেলে করে যাচ্ছিলেন। চৌধুরী পাড়া এলাকা দিয়ে যাওয়ার সময় সুমন ও আজগর অপর একটি মোটরসাইকেলে করে এসে তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয় এবং টাকার ব্যাগ নিয়ে পালিয়ে যায়। ওই ব্যাগে ছয় লাখ ৯৪ হাজার টাকা ছিল।
এসআই মোস্তাফিজুর বলেন, পুলিশ তাৎক্ষণিকভাবে ওই এলাকায় অভিযান চালিয়ে ওই দুজনকে গ্রেপ্তার করে টাকাসহ ব্যাগটি উদ্ধার করে।
তিনি জানান, টাকার ব্যাগটি সুমনের মা সাহেরা খাতুনের কাছে পাওয়া যাওয়ায় তাকেও আটক করে থানায় নিয়ে আসা হয়েছে।
