২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাথরঘাটা পৌরভবনে অগ্নিসংযোগ, কাগজপত্র ভস্মীভূত

বরগুনার পাথরঘাটা পৌরভবনে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বরগুনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Mar 2015, 05:22 PM

Updated : 22 Aug 2022, 11:55 AM

সোমবার ভোর রাতে দেওয়া এ আগুনে প্রয়োজনীয় বেশকিছু কাগজপত্র ও আসবাবপত্র পুড়ে গেছে।

পাথরঘাটা পৌরসভার মেয়র মল্লিক মোহাম্মদ আইউব জানান, পৌরসভার লাইসেন্স পরিদর্শক বিপ্লব কুমার রায়ের কক্ষ থেকে রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে আগুনের সূত্রপাত ঘটে।

এতে ওই কক্ষে থাকা ১৯৯১ সাল থেকে এ পর্যন্ত সকল প্রকার লাইসেন্সের কাগজপত্র পুড়ে গেছে।

এছাড়া ওই কক্ষের টেবিল, চেয়ার ও স্টিলের আলমিরাও পুড়ে গেছে।

তিনি বলেন, আগুন লাগার সঙ্গে সঙ্গে নৈশ প্রহরী আবদুর রব ঘুম থেকে জেগে চিৎকার দিলে পার্শ্ববর্তী বাসিন্দা কাজী রাকিব ফায়ার সার্ভিসকে খবর দেন।

তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিস কর্মীরা এসে আগুন নেভান।

মেয়র আইউব বলেন, “লাইসেন্স পরিদর্শকের কক্ষ থেকে একটি কাচের বোতল উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, পেট্রোল বোমা নিক্ষেপ অথবা পেট্রোল ঢেলে ওই কক্ষে আগুন লাগানো হয়েছে।”

রাতেই পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা শাখাওয়াত হোসেন সরকার ও পাথরঘাটা থানার ওসি জি এম শাহনেওয়াজ ঘটনাস্থল পরিদর্শন করেছেন বলে জানান তিনি।

পাথরঘাটা থানার ওসি জি এম শাহনেওয়াজ বলেন, “এটা নাশকতা না কি অন্য কিছু আমরা তদন্ত করে দেখছি।”

পাথরঘাটা ফায়ার সার্ভিসের স্টেশন কমান্ডার আব্দুল জলিল সরকার বলেন, আধঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি।

তবে ভেতরে একটা কাচের বোতল পাওয়া গেছে বলে জানান তিনি।